ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইওএম) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি)।
বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার ইইউ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে ২০০৭ সালের জানুয়ারি মাসের নির্বাচন পর্যবেক্ষণে ইসি পর্যবেক্ষক পাঠিয়েছিল। পরে এ নির্বাচন বাতিল ঘোষণা এবং ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার পর পর্যবেক্ষক দলকে ফিরিয়ে নেওয়া হয়।
বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান স্টিফেন ফ্রোয়েনের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য প্রতিষ্ঠানের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বিভিন্ন অগ্রগতি সৃষ্টি হওয়ায় আবারও ইওএম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
নভেম্বর মাসের শুরুর দিকে জরুরি ক্ষমতা আইনের কিছু অংশ প্রত্যাহার করায় এ সিদ্ধান্ত নেওয়া বলেও ইসি জানিয়েছে।
পররাষ্ট্র বিষয়ক কমিশনার বেনিটা ফেরেরো-ওয়াল্ডনারের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, "ইসি জানে যে আন্তর্জাতিক মহলের পাশাপাশি বাংলাদেশি জনগণও আবারও পর্যবেক্ষক দল পাঠানোর অপেক্ষা করছে।"
ফেরেরো-ওয়াল্ডনার পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে চিঠির মাধ্যমে জানিয়েছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফেরেরো-ওয়াল্ডনার বলেন, "নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলেই ইওএম পাঠানোর ব্যাপারে প্রথম থেকেই রাজি ছিল ইসি। বিভিন্ন ইউরোপীয় প্রতিষ্ঠান এবং সদস্য দেশগুলো ২০০৭ সালের জানুয়ারি মাস থেকেই বাংলাদেশে রাজনৈতিক ও আইনী সংস্কারের বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে আসছে এবং সমর্থন জানাচ্ছে। এর উদ্দেশ্য হল আগামী ডিসেম্বর মাসে বিশ্বাসযোগ্য ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করা।"
তিনি আরও বলেন, "বর্তমান বিভিন্ন সমস্যা সত্ত্বেও, গণতান্ত্রিক সরকারের প্রতি অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশী জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন একটি নির্বাচন অনুষ্ঠানে যেকোন ধরণের উদ্যোগ নিতে আমি তত্ত্বাবধায়ক সরকার এবং রাজনৈতিক দলগুলোকে উৎসাহ দিচ্ছি।"
স্টিফেন ফ্রোয়েন বলেন, "আগামী সংসদীয় নির্বাচনে প্রস্তুতির বিষয়ে আস্থার এবং বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এ গুরুত্বপূর্ণ ঘটনা পর্যবেক্ষণের অঙ্গীকার রক্ষার ইঙ্গিত দিয়েছে ইসি। এখন সব রাজনৈতিক দলের দায়িত্ব হল এমনভাবে গণতান্ত্রিক দায়িত্ব পালন করা যাতে করে দেশের স্থিতিশীলতা বজায় থাকে ও উন্নতি ঘটে।"
নির্বাচনের আগে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশের জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকবার নিশ্চিত করেছে কিনা তা পর্যবেক্ষণে গত সাত নভেম্বর ইইউ একটি আগাম প্রতিনিধি দল পাঠিয়েছে। পূর্ণ মাত্রার নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর আগে ইসির বিভিন্ন শর্তের মধ্যে অন্যতম এটি।
নির্বাচনের দিন সব মিলিয়ে ইসির প্রায় দেড়শ প্রতিনিধি থাকবেন।
নির্বাচন পরবর্তী অবস্থা পর্যবেক্ষণে এ পর্যবেক্ষক দল নির্বাচনের পরে এ দেশে সর্বোচ্চ তিন সপ্তাহ অবস্থান করবে।
সাধারণত কোন দেশে জরুরি অবস্থায় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ দল পাঠায় না।
বাংলাদেশের জরুরি অবস্থাকে 'অন্যদের থেকে আলাদা' আখ্যায়িত করে নির্বাচন পর্র্যবেক্ষক দল পাঠাতে রাজি করাতে 'শিথিল জরুরি অবস্থা'র মধ্যেই বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকার সংরক্ষণে সরকারকে অনুরোধ জানিয়েছে ইসি।
তবে ফ্রোয়েন সতর্ক করে দিয়েছেন, "অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বচন অনুষ্ঠানে যদি যথাযথ অবস্থা বিরাজ না করে তাহলে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ থেকে নিজেদের বিরত রাখবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডব্লিউজেড/আরএএইচ/এফএফ/এসকে/১৯২২ঘ.
bdnews24