২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজস্ক্রিয়তা নিরূপণ অবকাঠামো স্থাপনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সমঝোতা

চট্টগ্রাম বন্দরে তেজস্ক্রিয়তা নিরূপণ (রেডিয়েশন ডিটেকশন) যন্ত্রপাতি ও আনুষঙ্গিক অবকাঠামো স্থাপনে বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সরকারি অন্যান্য সংস্থার সঙ্গে অংশীদারিত্বের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে যুক্তরাষ্ট্র ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএনএসএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 12:48 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে তেজস্ক্রিয়তা নিরূপণ (রেডিয়েশন ডিটেকশন) যন্ত্রপাতি ও আনুষঙ্গিক অবকাঠামো স্থাপনে বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সরকারি অন্যান্য সংস্থার সঙ্গে অংশীদারিত্বের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে যুক্তরাষ্ট্র ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএনএসএ)। সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, এ সব যন্ত্রপাতি ব্যবহার করতে বাংলাদেশের কর্মকর্তাদের প্রশিক্ষণও দেবে এনএনএসএ। চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক নৌ-বাণিজ্য ব্যবস্থার ক্ষেত্রে একটি কৌশলগত ট্র্যানজিট পয়েন্ট। আর বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। এদিকে সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, ঢাকায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে 'মেগাপোর্টস ইনিশিয়েটিভস' সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা এবং মার্কিন সরকারের পক্ষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি স্মারকে সই করেন। দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০০ সালে প্রতিষ্ঠিত এনএনএসএ মার্কিন জ্বালানি দপ্তরের অন্তর্গত একটি স্বায়ত্বশাসিত সংস্থা, যার কাজ পারমাণবিক বিজ্ঞানের সামরিক প্রয়োগের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বাড়ানো। এনএনএসএ ডিফেন্স নিউক্লিয়ার নন-প্রলিফারেশনের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর উইলিয়াম টবি'র বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, "দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের কৌশলগত অবস্থান বিবেচনায় নৌ-কার্গো কন্টেইনার পরিবহনের মাধ্যমে পারমাণবিক পদার্থ পাচার প্রতিরোধে এই চুক্তি একটি বড় ধরনের অগ্রগতি। আমরা আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই।" এনএনএসএ'র 'সেকেন্ড লাইন অব ডিফেন্স প্রোগ্রাম'-এর আওতাধীন 'মেগাপোর্টস ইনিশিয়েটিভ' কর্মসূচির একটি অংশ হিসেবে এ স্মারক সই করেছে এনএনএসএ। এর লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত ও বিশ্বব্যাপী নৌ-চলাচল ব্যবস্থার মাধ্যমে পারমাণবিক ও অন্যান্য তেজস্ক্রিয় উপাদানের অবৈধ পাচার প্রতিরোধ, নিরূপণ এবং নিবারণে বিভিন্ন দেশের সক্ষমতা বাড়ানো। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্দরগুলোকে পারমাণবিক ও অন্যান্য তেজস্ক্রিয় উপাদানের জন্য কার্গো কন্টেইনার স্ক্যান করতে বিকিরণ নিরূপণ যন্ত্রপাতি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে থাকে মেগাপোর্টস ইনিশিয়েটিভ । প্রতিষ্ঠানটি বর্তমানে সারাবিশ্বের ১৯টি বন্দরে কাজ করছে। এছাড়া এশিয়া, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার ২০টিরও বেশি বন্দরে এর কার্যক্রম প্রক্রিয়াধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/টিএইচ/এসকে/১৮৩৯ঘ.