২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ২১ আগস্ট হামলার দুই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

দুই বার পেছানোর পর অবশেষে ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের দুই মামলার বাদি মতিঝিল থানার তৎকালীন উপ-পরিদর্শক শরীফ ফারুক আহম্মেদ সেদিনকার ঘটনা বর্ণনা করে সাক্ষ্য দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বার পেছানোর পর অবশেষে ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের দুই মামলার বাদি মতিঝিল থানার তৎকালীন উপ-পরিদর্শক শরীফ ফারুক আহম্মেদ সেদিনকার ঘটনা বর্ণনা করে সাক্ষ্য দেন। অভিযুক্ত আরিফ হাসান সুমনের পক্ষে অ্যাডভোকেট আমিনুল গনি টিটো বাদির জবানবন্দী দেওয়ার পর তাকে জেরা শুরু করেন। বিচারক মো. মাসদার হোসেন আগামি রোববার (২৩ নভেম্বর) পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। এর আগে বিচারক অভিযুক্ত মাওলানা আবু তাহেরের পক্ষে সাক্ষ্য গ্রহণ মূলতবী চেয়ে দাখিল করা সময় আবেদন নাকচ করেন। বাদি ঘটনার প্রত্যক্ষদর্শী হলেও তিনি কাঠগড়ায় দাঁড়ানো অভিযুক্ত হরকাতুল জিহাদ প্রধান মুফতী আব্দুল হান্নান, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৪ জনকে সনাক্ত করেননি। প্রসঙ্গত মতিঝিল থানায় দায়ের করা ঐ ঘটনার মামলার এজাহারে আসামিরা অজ্ঞাত বলে উল্লেখ করা হয়। বাদি সাক্ষীর জবানবন্দীতে বলেন ২০০৪ সালের ২১ আগস্ট তারিখে বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত সমাবেশে দুপুর দেড়টায় তিনি ডিউটিতে হাজির হন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা সমাবেশের খোলা মঞ্চে অবস্থান করছিলেন। বিকেল ৫ টা ৪০ মিনিটের দিকে শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ামাত্র সভাস্থলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। এ সময় বাদিসহ কয়েকজন পুলিশ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনাকে গাড়িতে তুলে দিলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এর পর পরই ঘটনাস্থলে আরো ৭/৮ টি গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন। উপ-পরিদর্শক শরীফ ফারুক আহম্মেদ বলেন, "আমরা তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। পরে আমি খবর পাই আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, পঙ্গু হাসপাতালে ৩ জন মারা যান।" রাষ্ট্রপক্ষে এ মামলাগুলোর বিশেষ পাবলিক প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট কাজী এম সাজাওয়ার হোসেন বাদিকে জবানবন্দী দেওয়ায় সহায়তা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এসকে/২৩০৫ঘ.