ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) অনুকম্পা চেয়ে আবেদনের সময় আর এক দফা বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।
কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬ নভেম্বর পর্যন্ত ট্রুথ কমিশনে অনুকম্পা চেয়ে আবেদনের শেষ সময় ছিল। এটা বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।
এর কারণে সম্পর্কে কমিশনের চেয়ারম্যান জানান, সরকারি ছুটি এবং হাইকোর্টের রায়ের কারণে শুক্র থেকে রোববার কমিশনের চেয়ারম্যান এবং দুই সদস্য অফিস করেননি। রোববার এ ব্যাপারে রিট করায় সুপ্রিম কোর্ট একমাসের জন্য হাইকোর্টের রায় স্থগিত করে।
বিচারপতি হাবিবুর রহমান খান জানান, সুপ্রিম কোর্টের ঘোষণার পর সোমবার কমিশন আলোচনায় বসে বন্ধের বিষয়টি বিবেচনা করে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
চেয়ারম্যান আরও বলেন, সুপ্রিম কোর্ট কর্তৃক হাইকোর্টের রায় এক মাস স্থগিত করার বিষয়টি চিন্তা করে বর্তমানে সে হিসাবে কাজ করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে এই এক মাসের মধ্যে সব কাজ শেষ করার।
জানুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত কমিশনের মেয়াদ রয়েছে।
হাইকোর্টের এই রায়ের কারণে কমিশনের কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন হাবিবুর রহমান খান।
৩ আগস্ট কমিশনের কার্যক্রম শুরু হওয়ার পর স্বাভাবিক নিয়মে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়।
প্রথম দফা আবেদন করার সময় ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। দ্বিতীয় দফায় তা বাড়ানো হয় ১৬ নভেম্বর পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৯৫৮ঘ.
bdnews24