২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীর ১১ জনকে পুড়িয়ে হত্যার বিচার ৫ বছরেও শুরু হয়নি

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামের শীল পাড়া। এই গ্রামের এক বাড়িতে সন্ত্রাসীদের দেওয়া আগুনে মারা যায় চার দিনের শিশুসহ এক পরিবারের ১১ সদস্য। পাঁচ বছর পেরিয়ে গেলেও ওই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি। ওই ঘটনায় দায়ের করা মামলাটি এখনও রয়েছে তদন্তের পর্যায়ে। মিন্টু চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামের শীল পাড়া। এই গ্রামের এক বাড়িতে সন্ত্রাসীদের দেওয়া আগুনে মারা যায় চার দিনের শিশুসহ এক পরিবারের ১১ সদস্য। পাঁচ বছর পেরিয়ে গেলেও ওই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি। ওই ঘটনায় দায়ের করা মামলাটি এখনও রয়েছে তদন্তের পর্যায়ে। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতের ওই ঘটনার পর শীল পাড়ার পোড়া ভিটায় এখনও বসত গড়ে ওঠেনি। ১১ জনের স্মরণে তৈরি করা একটি স্মৃতিস্তম্ভ সাক্ষ্য দিচ্ছে নির্মম সেই ঘটনার। আগামী কাল মঙ্গলবার ওই ঘটনার পাঁচ বছর পর পূর্তি হবে। ওই মামলার তদন্ত শেষ না হওয়ার জন্য পুলিশকেই দায়ী করেছেন মামলার বাদি। বাদি বিমল শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করে বলেন, "অতীতে দুই তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করেননি এবং রাজনৈতিক প্রভাবে স্থানীয় প্রভাবশালীদের বাদ দিয়েছেন। এ ঘটনায় জোট সরকারের এক মন্ত্রীর চাচাতো ভাইয়ের পরোক্ষ মদদ রয়েছে। তাদের বাঁচাতেই মামলার পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।" তিনি বলেন, "এ পর্যন্ত দুইবার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তবে দুটি তদন্ত প্রতিবেদনেই ঘটনাটিকে একটি ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। অথচ ডাকাতরা মালামাল লুট না করে গান পাউডার ছিটিয়ে ১১ জনকে পুড়িয়ে হত্যা করেছে। এ কারণে সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা নারাজি পিটিশন দিতে বাধ্য হয়েছি।" বাদিপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মামলা এখনো তদন্তের পর্যায়েই আছে। এর বিচার কাজ শুরুই করা যায়নি। রাজনৈতিক সরকারের প্রভাবে পুলিশ সদস্যকে দিয়ে এ মামলার তদন্ত করানোর ফলে তা পক্ষপাতদুষ্ট হয়েছে।" তিনি বলেন, "মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ক্লারেন্স গোমেজ তদন্ত প্রতিবেদন জমা দিতে দুই বছরেরও বেশি সময় নেন। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে যে ষড়যন্ত্র ছিল তা এ থেকে বোঝা যায়।" রানা দাশগুপ্ত জানান, শুরু থেকেই এই মামলার প্রকৃত অপরাধীর আড়াল করে নিরীহ অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মামলার আলামত নষ্টেরও অভিযোগ তুলেন তিনি। মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা ক্লারেন্স গোমেজ ঘটনার ২ বছর এক মাস পর ৩১ জনকে অভিযুক্ত করে ২০০৫ সালের ১৪ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এ প্রতিবেদনে বাদির নারািজ পিটিশনের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ২০ মার্চ পুনরায় এ মামলার তদন্তভার সাতকানিয়া সার্কেলের এএসপি সফিকুর রহমানকে দেওয়া হয়। তিনিও একই আসামিদের অভিযুক্ত করে ২০০৭ সালের ২৭ নভেম্বর বাঁশখালী কোর্টে প্রতিবেদন জমা দেন। পুনরায় বাদিপক্ষ নারাজি পিটিশন দিলে ২০০৮ সালের ২৫ ফেব্র"য়ারি এটি সিআইডি'র হাতে ন্যস্ত হয়। সিআইডি'র পরিদর্শক খুরশীদ জামিল বর্তমানে মামলাটি তদন্ত করছেন। খুরশীদ জামিল বলেন, "রিমান্ডে নেওয়া পাঁচজনের মধ্যে তিনজনই এর আগে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনাটিকে ডাকাতি ও হত্যা বলে উল্লেখ করেছেন।" তিনি জানান, মামলার আগের দেওয়া অভিযোগপত্রে উল্লিখিত ৩১ আসামির মধ্যে ১৫ জন কারাগারে আটক এবং বাকিরা পলাতক রযেছেন। খুব শিগগিরই এ মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া যাবে বলে আশা করছেন খুরশীদ জামিল। যাদের হত্যা করা হয়- তেজেন্দ্র লাল শীল (৭০), তার স্ত্রী বকুল বালা শীল (৬০), ছেলে অনীল কান্তি শীল (৪২), তার স্ত্রী স্মৃতি রাণী শীল (৩০), তাদের মেয়ে মুনিয়া শীল (৭) ও রুমি শীল (১১), চারদিন বয়েসী শিশু কর্তিক শীল, বাবুটি শীল (২৫), প্রসাদী শীল (১৭), অ্যানি শীল (১৫), এবং দেবেন্দ্র শীল (৭৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমআই/১৬৪৫ ঘ.