পঞ্চগড়, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের মাঝিপাড়া সীমান্তের ময়নাগুড়ি গ্রামে রোববার রাতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে শিশুসহ অন্তত দুই বাংলাদেশী নিহত এবং একজন আহত হয়েছেন।
পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএসএফ সদস্যদের গুলিতে স্থানীয় অধিবাসী গোলাম মোস্তফা (৩৫) ও মামুন (১) নিহত হন। এছাড়া শহীদুল নামে একজন গুরুতর আহত হয়েছেন।
গ্রামবাসী ও বিডিআর সদস্যরা এক বিএসএফ সদস্যকে আটক করেছে বলে বিডিআর কর্মকর্তা জানান।
পঞ্চগড় জমিরউদ্দিন কলেজিয়েট ইন্সটিটিউটের প্রভাষক ইকবাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১০ টার দিকে সীমান্তের ৪৩৫ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে। এ সময় গ্রামবাসী তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়তে শুরু করে। পরে বিডিআর সদস্যরা সেখানে পৌঁছালে দুই পক্ষে মধ্যে গোলাগুলি শুরু হয়।
মেজর শেখ ফরিদ বলেন, "বিডিআরেরর্ র্ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সীমান্তে বিডিআরের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০২১ ঘ.
bdnews24