ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান নির্বাচনের তারিখ পেছানোর বিরোধিতা করে রোববার বলেছেন, যে কোন অজুহাতে ঘোষিত নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্ত হবে সংবিধান পরিপন্থী।
তিনি আরও বলেছেন, বিএনপিসহ সকল দল যাতে নির্বাচনে অংশ নেয় সরকারকেই তার ব্যবস্থা নিতে হবে।
রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত খাদ্যদ্রব্য ও মূল্য স্ফীতি বিষয়ক এক সেমিনারে সাংবাদিকদের তিনি একথা বলেন।
একই সেমিনারে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টিতে সরকার সব ধরণের উদ্যোগ নেবে ঘোষণা করে নির্ধারিত তারিখে নির্বাচন হওয়ার বিষয়ে আবারও জোর দিয়েছেন।
ড. আকবর আলি খান ও হোসেন জিল্লুর রহমান দুইদিনের ওই সেমিনারের দ্বিতীয় দিনে পৃথক দুটি অধিবেশনের প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের একথা বলেন।
আকবর আলি খান বলেন, সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর দাবি-দাওয়া বিবেচনায় এনে সঙ্কট নিরসনের উদ্যোগ নিতে হবে যা গণতন্ত্রে উত্তরণে সহায়ক হবে।
অন্যদিকে বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান নির্ধারিত তারিখেই নির্বাচন হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টিতে সরকার সব ধরণের উদ্যোগ নেবে। তিনি বলেন, "এ জন্য সরকার ১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা বারবার দিচ্ছে। প্রয়োজনে হাজার বার এ ঘোষণা দেওয়া হবে।"
বিশ্বব্যাংক, পিপিআরসি ও ডব্লিউএইচআই-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারের দ্বিতীয় দিনের ওই দুটি অধিবেশনে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন ও ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ এম হাশেমী সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জিয়ান জু ও পিপিআরসি'র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ।
ড. আকবর আলি খান বলেন, "যে কোন অবস্থাতেই আসন্ন নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিৎ। কারণ তারা অংশ না নিলে দেশ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। তবে তার চেয়েও তাদের দল বেশি ক্ষতিগ্রস্ত হবে।"
হোসেন জিল্লুর রহমান বলেন, "নির্বাচন নিয়ে সরকার শঙ্কিত নয়, তবে সরকার সব সময়ই চায় সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। কিন্তু এতকিছুর পরও খাদ্যদ্রব্যের মূল্য তেমন কমছে না। অন্যদিকে খাদ্যদ্রব্যের মূল্য বেশি থাকায় কৃষকরাও এসব পণ্যের উৎপাদন বাড়াচ্ছে যাতে তারা লাভবান হচ্ছে। এটা দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সরকার নিত্যপণ্যের মূল্য কমিয়ে সহনশীল পর্যায়ে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০২৯ঘ.
bdnews24