চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর পাঁচ নম্বর জেটি এলাকায় বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) একটি পাইপ ফেটে যাওয়ায় শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে রাতেই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার আশা করছে কর্তৃপক্ষ।
চট্টগ্রামের আগ্রাবাদ, বন্দর, নিউ মার্কেট ও এর আশপাশের এলাকার লোকজন জানায়, সকাল ১০টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
অবশ্য, রাতের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছে বিজিএসএল কর্তৃপক্ষ।
বিজিএসএল, চট্টগ্রামের মহাব্যবস্থাপক খান আশরাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর বন্দর পাঁচ নম্বর জেটি এলাকায় বাখরাবাদ গ্যাসের সরবরাহ লাইনটি শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ফেটে যায়। পরে দুর্ঘটনার আশঙ্কায় ওই লাইনের অন্য সংযোগ লাইনগুলোও বন্ধ করে দেয়া হয়।
লাইন মেরামত শেষে রাত ৯টা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/২০০৪ ঘ.
bdnews24