ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'খাই মুক' আরো দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার সকালে এটি অন্ধ্রপ্রদেশের কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
খাই মুকের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় খাই মুক শনিবার রাত ১২টায় চট্টগ্রাম বন্দর থেকে ১৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা বন্দর থেকে ১২১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলেমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলেমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সমুদ্রে চলাচলকারী মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আপাতত উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/০০৪৫ ঘ.
bdnews24