কক্সবাজার, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার ভোরে কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে কয়েকটি অস্ত্র এবং গুলি ও বিস্ফোরকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
ছোট মহেশখালীর টেকপাড়া এলাকা থেকে ওইসব অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্রগুলো হচ্ছে- ওয়ান শ্যুটার গান একটি, দেশি এলজি পাঁচটি, দেশী লম্বা বন্দুক তিনটি, দুই রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড রাইফেলের গুলি, দুইটি ককটেল, দুইটি পটকা, আর কিছু পাউডার জাতীয় বিস্ফোরক দ্রব্য।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আলী রেজা (৬৫), মোহাম্মদ হোসেন (২২), নূর হোসেন (২০), আমজাদ হোসেন (২০), আনসার (২১), রমজান আলী (২৫) এবং রবিউল হোসেন (২১)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জানান, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে সহকারী পুলিশ সুপার ঈমাম হোসেন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আলী রেজার বাড়ির পাশের পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসজেড/এসকে/১৬৩৭ঘ.
bdnews24