২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া খনি এলাকার ১৭৪ পরিবারকে ক্ষতিপূরণ প্রদান

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ১৭৪টি কৃষক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের কার্যালয়ে চত্ত্বরে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক নবীউল হক মোল্লা কৃষকদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেন। এছাড়া ক্ষতিপূরণের সাতটি টিনসেড বসতঘরের চাবি হস্তান্তর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

দিনাজপুর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ১৭৪টি কৃষক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের কার্যালয়ে চত্ত্বরে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক নবীউল হক মোল্লা কৃষকদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেন। এছাড়া ক্ষতিপূরণের সাতটি টিনসেড বসতঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ খান, জেলা পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক উপস্থিত ছিলেন। জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে খনি এলাকার কালুপাড়া ও বলরামপুর গ্রামের ১৭৪টি পরিবারকে প্রায় ৫১ একর জমির শস্য ক্ষতিপূরণ হিসাবে ১২ লাখ ৫৫ হাজার ৯০৩ টাকা দেওয়া হয়েছে। কোম্পানির এমডি আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, খনি প্রকল্প এলাকার কালুপাড়া ও বলরামপুর গ্রামের ৫০ দশমিক ৭৬ একর জমি চাষাবাদের অনুপোযোগী হিসেবে চিহ্নিত করে জমির বোরো ও আমন শস্যের জন্য ক্ষতিপূরণ দেওয়া হল। তিনি জানান, কালুপাড়া ও বলরামপুর এলাকায় ৯ দশমিক ৫ একর ধানি জমি দেবে যাওয়ায় এবং ২৭টি কাঁচা ঘরে ফাটল ধরায় কোম্পানি ২০০৬ সালে প্রায় দেড় লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল। খনি প্রকল্প এলাকায় যারাই ক্ষতিগ্রস্ত হবেন তাদের জন্য ক্ষতিপূরণ, চাকরি ও বাসস্থানের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৯ ঘ.