২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি'র ওপরই নির্ভর করছে দুই নেত্রীর বৈঠক: ব্যারিস্টার রফিক

বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেবে কি না- তার ওপরই দুই নেত্রীর বৈঠক নির্ভর করছে বলে মন্তব্য করেছেন সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেবে কি না- তার ওপরই দুই নেত্রীর বৈঠক নির্ভর করছে বলে মন্তব্য করেছেন সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল র‌্যাডিসনে আয়োজিত অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।ব্যারিস্টার রফিক বলেন, "শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া নির্বাচনে যাওয়ার ঘোষণা না দিলে কীভাবে বসব?" আইনজীবী আরও বলেন, "তারা নিজেদের মধ্যে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসত। এখন আওয়ামী লীগ বলছে, সরকারকে এজেন্ডা দিতে হবে। আজ (বৃহস্পতিবার) সাড়ে ১২টায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আমাকে ফোন করেছিল। ও বলল, তিনি (শেখ হাসিনা) ১৫ নভেম্বর পর্যন্ত ব্যস্ত। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে, তিনি তাপসের পাশেই আছেন।" আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গে ব্যারিস্টার রফিক বলেন, "১৮ ডিসেম্বর নির্বাচন। খালেদা জিয়া এখনো ভোটার হননি। নির্বাচনের জন্য তারা প্রস্তুতও নন। ভেতরে ভেতরেও প্রস্তুত নন। এতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এ বিষয়টি মারাত্মক।" খালেদা-হাসিনা একসঙ্গে না বসলে জনগণের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তিনি। দুই নেত্রীকে একসঙ্গে বসানোর প্রক্রিয়া প্রসঙ্গে রফিক উল হক বলেন, "তাদের এক টেবিলে বসানোর জন্য আমি চেষ্টা করছি; সরকারও চেষ্টা করছে। তারা একসঙ্গে বসলে দেশ একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এখন যে অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে তাও কেটে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এটি/এএল/জেকে/২১ ঘ.