চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অনুপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- গোমস্তাপুর উপজেলার কদমতলী গ্রামের আব্দুর রহমান, চৌডালা মমিনপাড়া গ্রামের হোদা, এনামুল হক, কালীতলার ফারুক, লাইনপাড়া গ্রামের সাফিরুল ও চৌডালার আব্দুল খালেক।
এদের মধ্যে সাফিরুল পলাতক রয়েছেন।
মামলার অপর দুই আসামি চৌডালা গ্রামের শমসের আলী ও আলাউদ্দিনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
১৯৯৫ সালের ৫ আগষ্ট রাত ৮টায় চৌডালা গ্রামের আব্দুর রশিদ দণ্ডিতদের সঙ্গে বের হয়ে আর বাড়ি ফেরেননি। রশিদের বাবা আব্দুল গফুর ১৩ আগষ্ট গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার করার পর দিন কালহোল বিল থেকে রশিদের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24