২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীকে একসঙ্গে বসাতে সরকার প্রস্তুত: হোসেন জিল্লুর

একসঙ্গে বসার বিষয়ে খালেদা জিয়া ও শেখ হাসিনা সম্মতি জানানোর পর এবার উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, সম্ভাব্য ওই বৈঠকের উদ্যোগ নিতে সরকারও প্রস্তুত। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 05:36 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একসঙ্গে বসার বিষয়ে খালেদা জিয়া ও শেখ হাসিনা সম্মতি জানানোর পর এবার উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, সম্ভাব্য ওই বৈঠকের উদ্যোগ নিতে সরকারও প্রস্তুত। দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা 'দেশের স্বার্থে' একসঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি আছেন বলে বুধবার তাদের দলের নেতারা জানান। উপদেষ্টা হোসেন জিল্লুর বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের বলেন, "তাদের (দুই নেত্রী) আগ্রহের ভিত্তিতে একসঙ্গে আলোচনার উদ্যোগ নিতে সরকার প্রস্তুত। জাতির স্বার্থে শুধু এটা কেন, যে কোনও উদ্যোগ নেওয়া হবে।" দুই নেত্রীকে আলোচনায় বসাতে সরকার উদ্যোগ নেবে কিনা- এ প্রশ্নে তিনি এ কথা বলেন। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে একত্রে বসানোর বিষয়টি কয়েকমাস আগে আলোচনায় তোলে সরকার। ওই সময় দুই নেত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকও একই কথা বলেন। তীব্র রাজনৈতিক বৈরিতার জন্য পরিচিত দুই নেত্রী খুব কমই পরস্পরের সঙ্গে বসেছেন। নব্বইয়ের গণতন্ত্রকামী আন্দোলনের পর সংবিধানের দ্বাদশ সংশোধনীর ব্যাপারে ঐকমত্যের সময়সহ যে গুটিকয়েকবার তারা একসঙ্গে বসেছেন, তা দেশবাসীর মনে নতুন প্রত্যাশার জন্ম দেয়। খালেদা জিয়ার জামিনে মুক্তির পরপরই গত ১১ সেপ্টেম্বর উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক সঙ্কট নিরসনে এবং রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনতে দেশের দুই শীর্ষ নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেওয়া হবে। আমরা আশা করব, তারা এতে শুধু আগ্রহীই নন, উদ্যোগীও হবেন।" এরপর এ উদ্যোগ সফল করতে ব্যারিস্টার রফিকের দ্বারস্থ হয় সরকার। ব্যারিস্টার রফিক শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে বলেন, আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। খালেদার সঙ্গে বৈঠকের পর হোসেন জিল্লুরও বলেন, বিএনপি চেয়ারপারসনের মনোভাব ইতিবাচক। উপদেষ্টা হোসেন জিল্লুর ব্রাক সেন্টারে 'কারিগরি ও ভোকেশনাল শিক্ষা সংস্কার' শীর্ষক এক কর্মশালা উদ্বোধন করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, "দেশে দক্ষ জনশক্তি প্রয়োজন, আমাদের বিশাল জনশক্তি রয়েছে- এসব পুরোনো কথা বললে চলবে না। বরং বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।" দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে দেশের টেক্সটাইল কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার আশ্বাসও দেন হোসেন জিল্লুর। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ওই কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএলও'র ঢাকা কার্যালয়ের পরিচালক পালুড্ডা বুনপালা, বিআইডিএস'র মহাপরিচালক ড. কাজী শাহাবুদ্দিন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এমআই/১২১১ ঘ.