ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজি মামলায় র্যাব-২ এর উপ-পরিদর্শক মোখলেসুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া মামলার আরেক আসামি আবু মুসা রক্সির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে ঢাকা মহানগর দ্রুত বিচার হাকিম মো. রাশেদ কবির এ আদেশ দেন। রায়ে আগামি ২০ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
গত ১৬ অক্টোবর মোখলেসুর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। এর পর থেকে তিনি পলাতক রয়েছেন। অন্যদিকে অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত আবু মুসা রক্সি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান।
গুলশানের নিকেতন এলাকার মেসার্স অ্যালাইড করপোরেশনের সত্ত্বাধিকারী মো. মোহাইমেনুল আহসান গত ১২ সেপ্টেম্বর উপ-পরিদর্শক মোখলেস এবং তার 'সহযোগী' মো. আবু মুসা ওরফে রক্সিকে আসামি করে গুলশান থানায় মামলাটি করেন।
গত ২৯ সেপ্টেম্বর গুলশান থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান মামলার অভিযোগপত্র জমা দেন। গত ৮ অক্টোবর আসামি রক্সি ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হকের আদালত থেকে জামিন পান।
বাদী গত ২২ অক্টোবর আসামিদের জামিন বাতিলের আবেদন করেন।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা গত ৯ সেপ্টেম্বর রাত ৮টায় অফিসে এসে র্যাব-২ এর সদস্য পরিচয় দিয়ে বাদির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পর দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বাদীকে নগদ দুই লাখ টাকা পরিশোধের কথা বলে অভিযুক্তরা চলে যান। আসামিরা মোবাইল ফোনে বাদীকে চাঁদার জন্য চাপ দিলে বাদি বিষয়টি র্যাব-১ কে জানান। সাইফের পরামর্শে ১১ সেপ্টেম্বর টাকা দেওয়ার দিন ধার্য হয়। ওই দিন র্যাব কর্মকর্তারা মুসাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুরো ঘটনা স্বীকার করেন। অন্যদিকে মোখলেস পালিয়ে যান।
মোহাইমেনুলের আইনজীবী আব্দুল গোফরান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এহসানুল হক অভিযুক্ত মোখলেসুরকে জামিন দিয়ে আদেশে উল্লেখ করেছিলেন যে, মোখলেসুরের বিরুদ্ধে এজাহারকারীর (বাদি) কাছ থেকে কোনো চাঁদা দাবির অভিযোগ নেই।"
কিন্তু অভিযোগ গঠনের আদেশে হাকিম মো. রাশেদ কবির বলেন, "আসামিদের বিরুদ্ধে চাঁদাদাবাজির সুস্পষ্ট অভিযোগ রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসকে/২১২০ঘ.
bdnews24