২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ তম বিসিএসে নিয়োগের গেজেট প্রকাশ

২৭ তম বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩০৪৪ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সংস্থাপন মন্ত্রণালয় সোমবার গেজেট জারি করলেও মঙ্গলবার এটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ তম বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩০৪৪ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সংস্থাপন মন্ত্রণালয় সোমবার গেজেট জারি করলেও মঙ্গলবার এটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। সন্ধ্যার পর থেকে সংস্থাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইট-www.moestab.gov.bd -তে এটি পাওয়া যাচ্ছে। নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ৩০ নভেম্বরের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয় বা নিজ নিজ ক্যাডারের সংশ্লিষ্ট দপ্তরে যোগ দিতে হবে। কেউ ওই সময়সীমায় চাকরিতে যোগ না দিলে তার নিয়োগপত্র বাতিল করা হবে। ৩০৪৪ উত্তীর্ণের মধ্যে ২৭২ জন প্রশাসন ক্যাডার, ১৪৬ জন পুলিশ ক্যাডার, ১৪৭৭ জন স্বাস্থ্য ক্যাডার ও ৬২৭ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন। বাকিদের অন্যান্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সংস্থাপন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার উপ-সচিব শেখ মোহাম্মাদ শামীম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল থেকেই নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ঠিকানায় নিয়োগপত্র পাঠানো শুরু হবে। তিনি বলেন, "যাদের নামে নিয়োগপত্র পাঠানো হচ্ছে তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয় বা নিজ নিজ ক্যাডারের সংশ্লিষ্ট দপ্তরে যোগ দিতে হবে।" এদিকে, ২৭তম বিসিএসের বাতিল হওয়া ফলে উত্তীর্ণ তবে পরে বাদপড়াদের 'আমরণ অনশন' কর্মসূচি অব্যাহত রয়েছে। ১ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হয়। প্রার্থীদের পরিবারের অনেক সদস্যও অনশনে অংশ নিচ্ছেন। অনশনকারীরা ২৭তম বিসিএসের প্রথমবারের (বাতিল) ফল পুনর্বহালের পাশাপাশি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইনের পদত্যাগও দাবি করছেন। ২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় পিএসসি। এতে ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন আবেদন করেন। সব পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রায় সাড়ে তিন হাজার জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই বছর ফেব্র"য়ারি মাসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা থাকলেও দলীয়করণসহ অনিয়মের বিভিন্ন অভিযোগ ওঠায় সরকার তা স্থগিত করে। এরপর ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পিএসসি। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৬৫ জন দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে আগেরবার উত্তীর্ণ কয়েকজন শিক্ষার্থী প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করে। কিন্তু চলতি বছর ৩ জুলাই হাইকোর্ট রিট খারিজ করে দেয়। এতে করে ফল প্রকাশের পথে সব বাধা দূর হয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। এর মধ্যে ৩০৪৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ১৯৫ জন পুলিশ যাচাই (ভেরিফিকেশন) ও স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন সংক্রান্ত সমস্যার কারণে সোমবার নিয়োগ পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএ/এসএনডি/২২১৮ ঘ.