২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজর গনির নামে পল্লবী-বিমানবন্দর সড়কের নামকরণ করবে ডিসিসি

রাজধানীর মীরপুরের পল্লবী থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সংযোগ সড়কটির নাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গনির নামে করার ঘোষণা দিয়েছেন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুরের পল্লবী থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সংযোগ সড়কটির নাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গনির নামে করার ঘোষণা দিয়েছেন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা। মেজর গনির ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে আয়োজিত স্মরণ সভায় তিনি এ ঘোষণা দেন। শিগগিরই সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা। কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মেজর আবদুল গনি পরিষদ স্মরণ সভাটি আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি সাদেক হোসেন খোকা বলেন, "ডিসিসি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিভিন্ন সড়কের নামকরণ করছে। মুক্তিযুদ্ধের সূচনায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনারা দেশের জন্য প্রথম বিদ্রোহ করেছিলেন। এ রেজিমেন্টের প্রতিষ্ঠাতার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তার নামে ঢাকার একটি সড়কের নামকরণ করা হবে।" জাতীয় প্রেসক্লাব সভাপতি ও মেজর গনি পরিষদের প্রধান শওকত মাহমুদের সভাপতিত্বে স্মরণ সভায় মেজর গনির স্ত্রী বেগম আছিয়া গনি, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান, সাবেক সাংসদ মুহাম্মদ ইউনুস, সাবেক প্রতিমন্ত্রী আবুল কাশেম চৌধুরী, সাবেক মহা পুলিশ পরিদর্শক আবদুল খালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এসকে/১৯০০ঘ.