ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়োজনে নতুন পদ সৃষ্টি করে ২৭তম বিসিএস এর বাতিলকৃত আগের ফলে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের সুপারিশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ ।
উপাচার্য মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ সুপারিশ করলে তিনি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা জানান।
২৭তম বিসিএস পরীক্ষায় ২য় বার উত্তীর্ণদের নিয়োগ চুড়ান্ত হলেও বঞ্চিতরা নিয়োগের দাবিতে তাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল 'বঞ্চিত' ও ২য় বারের উত্তীর্ণদের নিয়োগের সমন্বয় সাধনের সুপারিশ করতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন।
দেড় ঘন্টা বৈঠকের পর উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ তার কার্যালয়ে ফিরে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা ২য় বার উত্তীর্ণ ও বঞ্চিতদের নিয়োগের ক্ষেত্রে সমন্বয় সাধনের জন্যে সুপারিশ করেছি। প্রধান উপদেষ্টা রোববার নিয়মিত ক্যাবিনেট বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দিয়েছেন। আমি আশা করছি সরকার এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে।"
উপাচার্য জানান, প্রয়োজনে নতুন পদ সৃষ্টি করে বঞ্চিতদের নিয়োগের জন্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করা হয়েছে।
সাক্ষাতের সময় উপাচার্যের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন অর রশিদ, আইন অনুষদের ডীন অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক আহমেদ কামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৮৫২ঘ.
bdnews24