হবিগঞ্জ. নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর এলাকায় মঙ্গলবার দুপুরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার লেছিয়া গ্রামের আব্দুল হাই (৩৫) এবং একই গ্রামের অটোরিকশা চালক আল আমিন (২৫)।
শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অকিল আহমদ জানান, দুপুর পৌনে ১টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয় সিলেট থেকে আখাউড়াগামী কুশিয়ারা লোকাল ট্রেন। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।
আহত শোভাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, আব্দুল হাই পাসপোর্ট করার জন্য তার আত্মীয় শোভাকে (১৮) সঙ্গে নিয়ে সরাইল থেকে অটোরিকশায় করে হবিগঞ্জ আসছিলেন।
দুঘটনার কারণে সিলেট-আখাউড়া রেলপথে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল বলেও এসআই অকিল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৯ ঘ.
bdnews24