২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

দৈনিক 'প্রথম আলো'-র সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও প্রতিবেদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দৈনিক 'প্রথম আলো'-র সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও প্রতিবেদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না আগামী ১৮ নভেম্বর হাইকোর্টে সশরীরে হাজির হয়ে তার জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ ব্যারিস্টার মুন্সি আহসান করিমের দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। ব্যারিস্টার মুন্সি আহসান করিম বলেন, বিচারপতি চাকলাদারের বেঞ্চের আদেশ সুপ্রিম কোর্টের রেওয়াজের লংঘন বলে প্রথম আলোর প্রতিবেদনে যে কথা বলা হয়েছে সে ধরণের মতামত প্রকাশের এখতিয়ার সংবাদ মাধ্যমের নেই। তিনি আরও মন্তব্য করেন, "প্রতিবেদনে বিচারপতি চাকলাদারের বেঞ্চ লেখাও একটি ধৃষ্টতা।" সব হাইকোর্ট বেঞ্চেরই আদালত অবমাননার আবেদনের ওপর শুনানি গ্রহণের ক্ষমতা রয়েছে মন্তব্য করে আদালত বাদীকে প্রশ্ন করেন, যে বেঞ্চ নিয়ে প্রতিবেদন লেখা হয়েছে তিনি সেই বেঞ্চে যাননি কেন। জবাবে মুন্সি আহসান করিম বলেন, প্রথম আলোর প্রতিবেদনে সব বিচারপতিদের আক্রমণ করা হয়েছে। এটি সুপ্রিম কোর্টের ক্ষতি। এই প্রতিবেদনের ফলে আদালত সম্পর্কে মানুষের মনে ভুল ধারণার সৃষ্টি হবে। এই ক্ষতি প্রতিরোধ করার দায়িত্ব আদালত ও আইনজীবীদের। গত ৯ নভেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় "৩১৫ মিনিটে ২৯৮ মামলায় আদেশ" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, অভিযোগপত্র দাখিলের পরও খুনের আসামিদের আগাম জামিন দিয়েছেন বিচারপতি চাকলাদারের বেঞ্চ। এতে অ্যাটর্নি জেনারেলের 'বিস্মিত হওয়া' এবং ড. কামাল হোসেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত চাওয়ার কথাও বলা হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শরীফউদ্দিন চাকলাদারের নেতৃত্বাধীন বেঞ্চ গড়ে প্রতি ৬৩ সেকেন্ডে একটি মামলায় আদেশ দিয়েছেন। এই প্রতিবেদন আদালত অবমাননাকর দাবি করে ব্যারিস্টার করিম গত ১০ নভেম্বর 'প্রথম আলো-'র সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও প্রতিবেদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৭৪৪ঘ.