ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স মঙ্গলবার শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
সকালে সুধাসদনে গিয়ে তিনি আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা করেন। সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত তাদের বৈঠক চলে।
বৈঠকের পর হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা মনে করেন, সব দলের অংশগ্রহণে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া উচিত।"
"একইসঙ্গে তিনি (হাসিনা) বলেছেন, কোনও রাজনৈতিক দল যদি মনে করে নির্বাচনে তাদের জয়লাভের সম্ভাবনা ১০০ ভাগ নিশ্চিত হলেই 'লেভেল প্লেয়িং ফিল্ড' হবে; তবে জাতি সে জন্য অপেক্ষা করতে পারে না।"
হাসান মাহমুদ বলেন, "তিনি (হাসিনা) ব্রিটিশ হাইকমিশনারকে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে জনগণের একটি সামাজিক চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।"
"শেখ হাসিনা আরও বলেছেন, আমরা আগামীতে 'পলিটিক্স অব ডিনায়েল' চাই না, বরং আমরা 'পলিটিক্স অব এনগেজমেন্ট' চাই।"
আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্টিফেন ইভান্স।
তিনি বলেন, "আমরা দুজনেই একমত হয়েছি, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দরকার। যে নির্বাচনের ফলাফল সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র ফিরে আসবে।"
নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার ঘোষণা এখনও না আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুক্তরাজ্যের দূত বলেন, "আমরা আশা করি, সবাই নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে অংশ নেবে কিনা- সে সিদ্ধান্ত বিএনপিকেই নিতে হবে।"
সব দলের অংশগ্রহণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা- প্রশ্ন করা হলে ইভান্স বলেন, "আমি আশা করি, সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নেবে। বাংলাদেশের জনগণও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।"
৬ নভেম্বর দেশে ফেরার পর গত কয়েকদিনে বিভিন্ন দেশের কূটনীতিকরা আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা করেছেন।
৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি হাসিনার সঙ্গে দেখা করেন। এর একদিন পর দেখা করেন সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বিন নাসের আল বুশাইরি। আটটি মুসলিম দেশের কূটনীতিকরা গত রোববার হাসিনার সঙ্গে দেখা করেন। সোমবার দেখা করেন ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমআই/১৩১৭ ঘ.
bdnews24