২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ শুরু করেছে স্থানীয় সরকার কমিশন

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো দক্ষ, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গঠিত স্থানীয় সরকার কমিশন সোমবার কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো দক্ষ, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গঠিত স্থানীয় সরকার কমিশন সোমবার কাজ শুরু করেছে। রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ইনস্টিটিউটে সকালে তিন সদস্যের কমিশনের প্রথম বৈঠক হয়। চেয়ারম্যান ফয়জুর রাজ্জাক ছাড়াও দুই সদস্য হেদায়েতুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক তোফায়েল আহমেদ এতে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফয়জুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "আগামী ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আমরা স্বল্প মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছি। এই সময়ের মধ্যে কমিশনে জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করা এবং কমিশনের জন্য একটি বিধি তৈরি করা হবে।" এক প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান বলেন, "স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করতে কমিশন বিভিন্ন সুপারিশ করবে। এসব সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব থাকবে সরকারের ওপর।" অন্য এক প্রশ্নের জবাবে কমিশন সদস্য তোফায়েল আহমেদ বলেন, "কোনো নির্বাচিত প্রতিনিধিকে সরকার বরখাস্ত করতে হলে চাইলে কমিশনের পরামর্শ নিতে হবে। বরখাস্ত হওয়ার পর সেই প্রতিনিধি কমিশনে আপিল করতে পারবেন।" রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ চলতি বছরের ১৩ মে স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশ ২০০৮ জারি করেন। গত ২২ অক্টোবর স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান ও দুই সদস্যকে নিয়োগ দেন তিনি। অধ্যাদেশ অনুযায়ী, তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন তারা। এ কমিশনের প্রধান কাজ হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী এবং প্রশাসনিকভাবে দক্ষ ও জনকল্যাণমুখী করে গড়ে তোলার জন্য সুপারিশ করা। এজন্য স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম তদারকি ও পর্যবেক্ষণ করা হবে। এছাড়া এসব প্রতিষ্ঠানের ট্যাক্স, ফি, রেট, টোল ইত্যাদি নির্ধারণ ও পুননির্ধারণের বিষয়েও সুপারিশ করবে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এসএনডি/১৯১৭ ঘ.