ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) ওডভার হেশজেডাল (৫৮)। তিনি অ্যান্ডার্স ইয়ানসেনের স্থলাভিষিক্ত হলেন।
ইয়ানসেন গত সেপ্টেম্বরে 'পারিবারিক কারণ' দেখিয়ে চাকরির মেয়াদ সংক্ষিপ্ত করার ঘোষণা দেন।
সোমবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোনের বোর্ড অফ ডিরেক্টর্স সোমবার ওডভার হেশজেডালকে প্রধান নির্বাহী হিসাবে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে।
গ্রামীণফোনের বোর্ড অফ ডিরেক্টর্সের চেয়ারম্যান এবং টেলিনর এশিয়ার প্রধান নির্বাহী সিগভে ব্রেক্ককে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "সিইও হিসেবে ওডভার হেশজেডাল বাংলাদেশ ও প্রতিষ্ঠানটি সম্পর্কে তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। নতুন সিইও হিসেবে আমরা তাকে স্বাগত জানাই।"
ওডভার হেশজেডালকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশের প্রধান মোবাইল অপারেটরের নেতৃত্বের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। গ্রামীণফোন এদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। সিইও হিসেবে অ্যান্ডার্সের সাফল্যের ব্যাপারে আমার গভীর শ্রদ্ধা রয়েছে। কোম্পানির জন্য তিনি যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমি তা অনুসরণ করব।"
সিগভে ব্রেক্কে বলেন, "অ্যান্ডার্স ইয়ানসেন গত এক বছর দারুণ কাজ করেছেন। তিনি একই সঙ্গে দক্ষ ও পেশাদার মনোভাব এবং সহানুভূতিসম্পন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন। তার প্রস্থান দুঃখজনক হলেও আমরা তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।"
অ্যান্ডার্স ইয়ানসেন বলেন, "গ্রামীণফোনের উন্নয়ন এবং অব্যাহত সাফল্যের অংশীদার হতে পারা আনন্দের বিষয়। এ কোম্পানিতে আছে একদল অসাধারণ কর্মী। আমি ওডভারের নিয়োগকে স্বাগত জানাচ্ছি এবং গ্রামীণফোনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।"
ওডভার হেশজেডাল গত জুন থেকে গ্রামীণফোনের সিটিও হিসেবে কাজ করছেন। গ্রামীণফোনে যোগ দেওয়ার আগে তিনি টেলিনরের বিভিন্ন পদে কাজ করেছেন। ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত ইউক্রেনে 'কিয়েভস্টার' এর সিটিও ছিলেন তিনি।
অসলো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর হেশজেডাল টেলিনরে যোগ দেওয়ার আগে নরওয়ে ও সুইডেনের বিভিন্ন সফটওয়্যার ও পরামর্শক প্রতিষ্ঠানে কাজ করেন।
গ্রামীণফোন বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। ২০০৮ এর সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ছিল ২ কোটি ৮০ লাখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/১৮২৭ঘ.
bdnews24