সিলেট, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে গণমিছিল করেছে বিএনপি।
সোমবার বিকেল ৪টায় সিলেট নগরীর সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মিছিলটি বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা হয়ে আম্বরখানায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা বিএনপি'র আহবায়ক সাবেক সাংসদ এম. ইলিয়াস আলী।
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে এম. ইলিয়াস আলী বলেন, চারদলীয় জোটের সাত দফা দাবি যৌক্তিক। সরকারকে এসব দাবি অবশ্যই মানতে হবে।
দলীয় প্রধান খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও কারাবন্দি নেতাদের মুক্তি ও জরুরি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, দাবি না মানলে বিএনপি নির্বাচনে যাবে না। আর নির্বাচন না হলে যে কোনো পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপি'র সাবেক সভাপতি এম.এ হক, মহানগর বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি এহিয়া রেজা চৌধুরী, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবদুল গাফ্ফার, মহানগর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট নোমান মাহমুদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫১ ঘ.
bdnews24