ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীর্ষ দুই নেতাকে কারাগারে পাঠানোর ঘটনায় সোমবার সংসদ ভবন সংলগ্ন খামারবাড়ি থেকে বিজয় সরণী পর্যন্ত সড়ক আটকে সেখানে প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সকাল থেকেই জামায়াত নেতা-কর্মীরা ওই সড়কে অবস্থান নিয়ে রাস্তার এক পাশে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
পরে দুপুরে আদালত মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তারা পুরো রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে সংসদ ভবনের পূর্ব দিকের প্রবেশ মুখে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, তারা আদালতের কাছে সুবিচার পাননি। নিজামী ও মুজাহিদকে কারাগারে পাঠানো সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হিসেবে কাজ করবে- অভিযোগ করে জামায়াত নেতারা বলেন, সাত দফা বাস্তবায়ন না হলে চারদলীয় জোট নির্বাচনে যাবে না।
বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় সোমবার সংসদ ভবনের বিশেষ আদালত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
প্রতিবাদ সমাবেশে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদী বলেন, "আজ যে রায় হলো, তা সুবিচার হয়েছে বলে আমরা মনে করি না। সুনির্দিষ্ট অভিযোগের আসামিরা দেশ-বিদেশ ঘুরে বেড়ায়, আর আইনের প্রতি আনুগত্য যারা দেখিয়েছেন, তাদের কারাগারে পাঠানো হলো।"
বিচার বিভাগ স্বাধীন হলে এমনটা ঘটতো না বলে মন্তব্য করেন সাঈদী।
তিনি বলেন, "আমাদের নেতাদের জেলে পুরে সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।"
নির্বাচনের পরিবেশ তৈরিতে চারদলীয় জোট নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি এবং সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান সাঈদী।
তিনি বলেন, "আমাদের নেতা-কর্মীদের মুক্তি এবং সাত দফা দাবি বাস্তবায়ন না করলে চারদলীয় জোটের নির্বাচনে যাওয়ার কোনও সুযোগ নেই।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম, ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম, নূরুল ইসলাম বুলবুল, আব্দুল হালিম প্রমুখ।
দলের দুই শীর্ষ নেতার আদালতের হাজির হওয়ার খবরে সকালে ব্যাপক সংখ্যক জামায়াত সমর্থক সংসদ ভবন এলাকায় জড়ো হয়। সকাল ৯টার দিকে তারা বিজয় সরণী থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সড়কের এক পাশ আটকে অবস্থান নেয়।
দুপুর সোয়া ১টার দিকে আদালতের আদেশ হওয়ার পর জামায়াত সমর্থকরা সড়কের দুই পাশেই অবস্থান নিয়ে সভা করায় ওই রাস্তায় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বেল সোয়া ৩টা পর্যন্ত সমাবেশ হয়। পরে জামায়াত নেতা-কর্মীরা ওই এলাকা ছাড়লে ওই সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24