কুড়িগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার বাস স্ট্যান্ড সংলগ্ন মার্কেটে রোববার সন্ধ্যায় আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।
সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুন লাগার এক ঘণ্টা পর কুড়িগ্রাম থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা কয়েকজন ব্যবসায়ী জানান, রূপম হার্ডওয়ার, ফজলুল হক গাটুর আড়ত, একটি সাইকেল পার্টসের দোকান, মৌ ফার্মেসি, নিউ আশা ডিজিটাল স্টুডিও এবং একটি সেলুন পুড়ে গেছে।
নাগেশ্বরী পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু জানান, ধারণা করা হচ্ছে রূপম হার্ডওয়ারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24