চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর মোমিন রোডের সিটি কর্পোরেশনের সেবকদের পরিবারগুলোতে আকস্মিক ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।
এ রোগে আক্রান্ত এক শিশু রোববার সকালে মারা যায়। এছাড়া, অসুস্থ আরো ৯০ জনের মধ্যে ১৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালখান ওয়ার্ড কাউন্সিলর এমএ নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝাউতলায় বসবাসরত সিটি কর্পোরেশনের সেবক পরিবারের সদস্যরা শনিবার মধ্যরাত থেকে ডায়রিয়ায় আক্রান্ত হতে শুরু করে। রোববার সকালের দিকে সেবক খোকন দাশের মেয়ে দীপা দাশ (১০) মারা যায়।
গুরুতর অসুস্থ ১৩ জন সেবককে নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "ওয়াসার পানি কোনোভাবে দুষিত হয়ে পড়ায় ডায়রিয়া দেখা দেয় বলে ধারণা করা হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।"
সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বিদেশে চিকিৎসা শেষে রোববার দুপুরে চট্টগ্রামে ফিরেই বিমানবন্দর থেকে সরাসরি অসুস্থ সেবকদের দেখতে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/এমআই/১৮৪৪ ঘ.
bdnews24