ফেনী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীতে অপহরণের পর হত্যা এবং লাশ গুমের মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ২০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরেকটি ধারায় প্রত্যেককে পাঁচবছর কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দমদমা গ্রামের দলিলের রহমানের ছেলে আমির হোসেন, তার ভাই বেলায়েত হোসেন, আনোয়ার হোসেন, রবিউল হক, পূর্ব ছিলোনীয়া গ্রামের ছগির আহমেদের ছেলে মো. ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন, করিম উল্যাহর ছেলে মঞ্জুরুল হক, আবদুর রহমানের ছেলে রবিউর হক, মমতাজুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর, সোনামিয়ার ছেলে টিপু, মনির আহম্মদ, মৃত কালামিয়া ছেলে জহুরুল হক, ছিদ্দিক আহামদের ছেলে সুমন, তাহের আহম্মদের ছেলে শেখ ফরিদ আহম্মদ, বতু মিয়ার ছেলে সফিকুর রহমান, নুর আহম্মদের ছেলে কামাল উদ্দিন, করিমুল হকের ছেলে মো. শরিফ, শাহাবুদ্দিনের ছেলে মো. আলমগীর, শেখ আহম্মদের ছেলে শাহ আলম।
এদের মধ্যে নয়জন বর্তমানে কারাগারে এবং ইউপি চেয়ারম্যানসহ বাকিরা পলাতক আছেন।
সরকারি কৌসুলি (পিপি) শরফুদ্দিন আহমদ মানিক ও সহকারী কৌসুলি (এপিপি) দ্বিজেন্দ্রলাল কংস বণিক জানান, পূর্ব শক্রতার জের ধরে আসামিরা ২০০১ সালের ৮ নভেম্বর পূর্ব ছিলোনীয়া গ্রামের আবদুর রউফের ছেলে রেজাউল করিম বাদলকে অপহরণের পর হত্যা ও লাশ গুম করে।
ওই বছর ১২ নভেম্বর রউফ ফেনী থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩২ ঘ.
bdnews24