ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক যুবকের গুলিবিদ্ধ লাশ শনিবার রাতে উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম শামীম হাওলাদার (২৮)। বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। তিনি ট্রলার চালাতেন।
রাত ১১টার দিকে মান্দাইল মালোপাড়া বেড়িবাঁধের ওপর থেকে শামীমের লাশ উদ্ধার করা হয় হয় বলে জানিয়েছেন কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'শনিবার রাত ১১টার দিকে বেড়িবাঁধ থেকে শামীমের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে গুলির আটটি চিহ্ন রয়েছে।"
পুলিশ কর্মকর্তা মাইনুদ্দিন বলেন, "নিহতের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া যায়। মোবাইল ফোনে পাওয়া তার শ্যালক হারুণের নম্বরে যোগোযোগ করে শামীমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।"
হারুণ পুলিশকে জানিয়েছে, শামীম নদীপথে ট্রলার চালাতেন। শুক্রবার শামীম ক্যান্সার আক্রান্ত শ্বশুরকে নিয়ে ঢাকায় আসেন।
শামীমের মোবাইল ফোনকে সূত্র ধরে ওই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে এসআই মাইনুদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৪০৬ ঘ.
bdnews24