ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদে শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে জিয়াউদ্দীন লাভলু (৩৫) নামে একজন কাগজ ব্যবসায়ী নিহত হয়েছেন।
লাভলু নয়াবাজারে পারিবারিক প্রতিষ্ঠান পেপারল্যান্ড টাই প্রকাশন ও মাহাবুব এন্টারপ্রাইজের দেখাশোনা করতেন। তার বাসা ওয়ারীর ১ লালমনি স্ট্রিটে।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক আলফাজুর রহমান জানান, রাত ১০টার দিকে একজন সিএনজি অটোরিক্সা চালক গুলিবিদ্ধ অবস্থায় লাভলুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
লাভলুর মাথা ও ডান পাজরে গুলি লেগেছে। কারা, কী কারণে তাকে গুলি করেছে পুলিশ তা জানতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি জানান, রাত ১০টার দিকে একজন অটোরিক্সা চালক সায়েদাবাদী দরগার ফটক থেকে লাভলুর গুলিবিদ্ধ দেহ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে লাভলুর বড়ভাই শাহাবুদ্দীন আজাদ এসে লাশ সনাক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২৩৪০ ঘ.
bdnews24