২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে

চট্টগ্রামে ডিমের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বড় বাজারগুলোতে ফার্মের ডিম প্রতিহালি ২৮ টাকা (ডজন ৮৪ টাকা) দরে বিক্রি হলেও পাড়ার দোকানগুলোতে তা বিক্রি হচ্ছে ৩২ টাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ডিমের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বড় বাজারগুলোতে ফার্মের ডিম প্রতিহালি ২৮ টাকা (ডজন ৮৪ টাকা) দরে বিক্রি হলেও পাড়ার দোকানগুলোতে তা বিক্রি হচ্ছে ৩২ টাকায়। মাত্র তিন দিনের ব্যবধানে নগরীতে ডিমের দাম প্রতি ডজনে বেড়েছে বার টাকা পর্যন্ত। বার্ড ফ্লু'র কারণে চট্টগ্রাম অঞ্চলের অনেক পোল্ট্রি ফার্ম বন্ধ এবং খামারিরা মুরগি বিক্রি করে দেওয়ায় বাজারে ডিমের দাম বেড়েছে বলে দাবি করেন বিক্রেতারা। শনিবার বিকেলে বাজার ঘুরে দেখা গেছে, নগরীর রেয়াজুদ্দিন বাজারে পাইকারি দোকানে ফার্মের ডিম (লাল) প্রতি শ-য়ে ৩০ টাকা বেড়ে ৬৭০ টাকা, ফার্ম (সাদা) ৩০ টাকা বেড়ে ৬৬০ টাকা, হাঁস (দেশি) ২০ টাকা বেড়ে ৬৭০ টাকা এবং দেশি মুরগির ডিম ৪০ টাকা বেড়ে ৭২০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ডিম বিক্রেতা এয়াকুব সওদাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরবরাহ কমে যাওয়ায় ডিমের দাম বেড়েছে। তিনি বলেন, "পাইকারি বাজারে দেশি মুরগির ডিমের সরবরাহ খুবই কম। বার্ড ফ্লু'র আগাম সতর্কতার অংশ হিসেবে খামারিরা ডিমওয়ালা মুরগি বিক্রি করায় সঙ্কট বেড়েছে।" চট্টগ্রামের খুচরা বাজারে ডিম ছাড়াও সপ্তাহের শুরুতে পেয়াঁজ ও সয়াবিন তেলের দামও বেড়েছে। শনিবার প্রতি কেজি খোলা সয়াবিন বিক্রি হয় ১০৬ টাকায়। অথচ বৃহস্পতিবার দাম ছিল ১০০ টাকা। পেয়াঁজের দামও কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ১৬ থেকে ১৭ টাকায় বিক্রি হলেও শনিবার দাম ছিল ২০ থেকে ২১ টাকা। রেয়াজুদ্দিন বাজারে খুচরা দোকানি আহমেদ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে বেশি দরে সয়াবিন তেল কেনায় খুচরা বাজারেও দাম বেড়েছে।" তবে খোলা সয়াবিনের দাম বাড়লেও বিভিন্ন কোম্পানির বোতলের তেলের দাম বাড়েনি। বিভিন্ন কোম্পানির ৫ লিটারের কন্টেইনার ৫২৫ থেকে ৫৪০ টাকা, ১ লিটারের বোতল ১০৮ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এসএনডি/এসকে/২২২৭ঘ.