ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য পেলেও এবং দারিদ্র্যের হার কমলেও গত ১০ বছরে দেশের গ্রামগুলোতে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। অর্থনৈতিক উন্নয়নের সঠিক প্রতিফলন এ দেশের স্বাস্থ্য বা শিক্ষা খাতে তেমনভাবে পড়েনি। দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর চিত্রও মোটামুটি এক।
ইসলামাবাদভিত্তিক মানব উন্নয়ন সংস্থা 'মাহবুব উল হক হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টার' (এমএইচএইচডিসি) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে শনিবার এসব তথ্য জানানো হয়।
সকাল ১০টায় রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে 'দক্ষিণ এশিয়ার মানব উন্নয়ন: ১০ বছরের পর্যালোচনা' শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। ব্র্যাক ও ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, 'এই প্রতিবেদনে আমরা মানব উন্নয়ন খাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দশ বছরের সাফল্য ও ব্যর্থতার খতিয়ান তুলে ধরতে চেয়েছি। আর এক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষা খাতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।'
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপের দারিদ্র্য, স্বাস্থ্য, শিক্ষা, জনসংখ্যা, নারী ও মানব উন্নয়ন খাতের তথ্যের ভিত্তিতেই এ প্রতিবেদন তৈরি করেছে এমএইচএইচডিসি।
সংস্থাটির গবেষণায় দেখা যায়, ১৯৯৫ থেকে ২০০৫ পর্যন্ত ১০ বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাথাপিছু গড় আয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে (বছরে ১৫৩১ ডলার থেকে হয়েছে ৩১৯৬ ডলার)। বয়স্ক শিক্ষার হার ৪৯ থেকে বেড়ে হয়েছে ৫৮ শতাংশ। সামগ্রিক দারিদ্র্যও কিছুটা কমেছে। কিন্তু এ অঞ্চলের অধিকাংশ দেশেই গ্রামীণ জনগোষ্ঠির দারিদ্র্য বেড়েছে।
১৯৯৩ সালে বিশ্বের মোট দরিদ্র জনগোষ্ঠীর ৪০ শতাংশের বসবাস ছিল দক্ষিণ এশিয়ার এই সাতটি দেশে। ২০০৪ সালে এই হার বেড়ে হয়েছে ৪৭ শতাংশ।
এই সময়ে আয়ের ক্ষেত্রে বৈষম্যও বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা ৮৩ কোটি থেকে বেড়ে হয়েছে ৮৯ কোটি। শিশু মৃত্যুর হার কমলেও বেড়েছে প্রসূতি মৃত্যুর হার।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালের পর থেকে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির ধারাবাহিকতা বজায় রেখেছে। মানব উন্নয়ন খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
১৯৯৩ থেকে ২০০৪ সালে বয়স্ক শিক্ষার হার ৩৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪১ শতাংশ। বার্ষিক মাথাপিছু আয় ২২০ ডলার থেকে বেড়ে হয়েছে দ্বিগুণ -৪৪০ ডলার।
কিন্তু গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার ৫১ শতাংশ (১৯৯৩) থেকে বেড়ে ৫৩ শতাংশ (২০০৪) হয়েছে। শিক্ষা খাতে সরকারের ব্যয় কমেছে এবং আয়ের ক্ষেত্রে বৈষম্য বেড়েছে। অথচ সামরিক খাতে ব্যয় বেড়েছে বছরে গড়ে ২২ লাখ ডলার করে।
এমএইচএইচডিসি'র হিসাবে ১৯৯৫ সালে সামরিক খাতে বাংলাদেশের ব্যয় ছিল ৫৩ কোটি ৬০ লাখ ডলার। আর ২০০৫ সালে তা বেড়ে হয় ৬৬ কোটি ৯০ লাখ ডলার।
প্রতিবেদনে বলা হয়, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করে ২০১৫ সাল নাগাদ বাংলাদেশ যদি দরিদ্র মানুষের সংখ্যা এখনকার তুলনায় অর্ধেকেও নামিয়ে আনতে পারে, তারপরও এদেশের ৪ কোটি ৭০ লাখ মানুষ গরিবই থেকে যাবে। এদের মধ্যে ২ কোটি ২০ লাখ থাকবে চরম দরিদ্র শ্রেণীতে।
অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান ও এমএইচএইচডিসি'র পরিচালক খাদিজা হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এসকে/২২১১ঘ.
bdnews24