চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী চিকিৎসা শেষে রোববার ব্যাংকক থেকে দেশে ফিরছেন।
দশদিন বিদেশে অবস্থানের পর তিনি রোববার দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের একটি বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে মেয়রের জামাতা ও সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
মহিউদ্দিন চৌধুরী গত ২৯ অক্টোবর স্ত্রী হাসিনা মহিউদ্দিনকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য ব্যাংকক যান।
ডা. চৌধুরী জানান, মেয়রের চিকিৎসা পুরোপুরি সম্পন্ন হয়নি। তাকে আবার ব্যাংকক যেতে হতে পারে। ব্যাংককে তিনি স্পাইনাল কর্ড, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানাপ্রকার জটিল রোগের চিকিৎসা করিয়েছেন।
মেয়র চট্টগ্রামে ফিরে রোববার বিকালেই মহানগর আওয়ামী লীগের একটি বর্ধিত সভায় যোগ দেবেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দানু বলেন, আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল এবং প্রস্তুতির জন্য মেয়র দেশে ফিরছেন। ব্যাংকক থেকে ফিরে তিনটায় নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দেবেন তিনি।
সভায় মহানগরভূক্ত চারটি আসনের প্রার্র্থিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১৫১ঘ.
bdnews24