চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নেশা জাতীয় তরল পান করে শনিবার বিক্রেতাসহ পাঁচজন মারা গেছেন। অসুস্থ হয়ে পড়েছেন আরও তিনজন।
শুক্রবার রাতে তারা বামচন্দ্রপুরহাটের একটি বাড়িতে এ তরল পান করে। পরে নিজেদের বাড়িতে তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বগুড়া, নওগাঁ ও পিরোজপুরে নেশা জাতীয় তরল পান করে ২৩ জন মারা গিয়েছিল।
শনিবার যারা মারা গেছেন তারা হলেন- উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গ্রামের সাজ্জাদ পলুর ছেলে মদ বিক্রেতা কবির পলু (৪৫), ম্যালকাপাড়ার রসু পাইকারের ছেলে বাদশা (৩০), কামারপাড়ার সুনীল কর্মকারের ছেলে পোনাই কর্মকার (২৮), মহারাজপুর গ্রামের দিলীপ (৩৮) ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ঘাইসাপাড়ার কবির (৪৩)।
এদের মধ্যে কামারপাড়ার পোনাই কর্মকারকে অসুস্থ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আনার পথে মারা যান।
এছাড়া অসুস্থ তৈমুর (৫৫), ফটিক (৩২) ও শাহাবুদ্দিন (৩১) স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, শুক্রবার রাতে কয়েকজন ব্যক্তি রামচন্দ্রপুরহাট গ্রামের মদ বিক্রেতা কবির পলুর বাড়িতে মদ পান করে নিজ নিজ বাড়ি চলে যায়। এদের মধ্যে অসুস্থ হয়ে পড়া পাঁচজন শনিবার মারা গেছে।
তিনি জানান, এরা রেক্টিফাইড স্পিরিট পান করে থাকতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৪ ঘ.
bdnews24