২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বৃদ্ধকে গুলি করে হত্যা

রাজধানীর দক্ষিণখানের একটি বাসায় শুক্রবার গভীর রাতে সিদ্দিক হোসেন নামে ৯৫ বছরের এক বৃদ্ধকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানের একটি বাসায় শুক্রবার গভীর রাতে সিদ্দিক হোসেন নামে ৯৫ বছরের এক বৃদ্ধকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার ঘটনা ঘটে বলে মনে করছে পুলিশ। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২ টার দিকে মধুবাগের বাসায় শোবার ঘরে খুন হন সিদ্দিক হোসেন। তার মাথা, চোয়াল ও বাঁ কাঁধে গুলির চিহ্ন ছিল। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "সিদ্দিক হোসেনের শরীরে গুলি চিহ্ন পাওয়া গেলেও পাশের ঘরে থাকা তার স্ত্রী ও দুই ছেলে গুলির কোনো শব্দ শোনেনি বলে পুলিশকে জানিয়েছে।" যে ঘরে হত্যার ঘটনা ঘটেছে তার দরজা ভাঙার কোনো আলামত পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, "বাসার লোকজন গুলির শব্দ না পেলেও সিদ্দিক হোসেনের চিৎকারে তারা বেরিয়ে এসে বিছানায় রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।" বৃদ্ধ প্রাকৃতিক কাজে বাইরে বের হওয়ার সময় সন্ত্রাসীরা তার ঘরে ঢুকে থাকতে পারে বলে পুলিশ মনে করছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে সিদ্দিক হোসেনের। এ নিয়ে একাধিক মামলাও চলছে। ওসি আকতার হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এসকে/১৯৩৯ঘ.