ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন নাসের আল বুশাইরি শনিবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
রাষ্ট্রদূত বিকেল সাড়ে ৪টার দিকে হাসিনার ধানমণ্ডির বাসা সুধা সদনে যান। তাদের আধঘণ্টার বৈঠকে অন্য কেউ উপস্থিত ছিলেন না।
বৈঠক শেষে বুশাইরি সাংবাদিকদের বলেন, "দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।"
বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে মতামত চাওয়া হলে তিনি বলেন, "এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা আশা করব, দুই দেশের ভাতৃপ্রতীম সম্পর্ক আগামীতে আরও নিবিড় হবে।"
বুশাইরি জানান, শেখ হাসিনার সঙ্গে দেখা করার আগে বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দের সঙ্গেও তিনি দেখা করেছেন।
বৈঠক প্রসঙ্গে শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ জানান, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি সৌদি আরবে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে।
বাংলাদেশে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য সৌদি আরবের দেয়া সাহায্যের জন্য আওয়ামী লীগ সভানেত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান বলেও উল্লেখ করেন আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/জিএনএ/১৭৫১ ঘ.
bdnews24