ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে অসুস্থ হয়ে পড়ার পর রতন আহমেদ (২৫) নামে এক আসামি শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মিরপুর থানার একটি চাঁদাবজি মামলায় গ্রেপ্তার রতনকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মিরপুর দুই নম্বর সেকশনের জমজম মসজিদ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি চাঁদাবজি মামলায় দুপুরে রতনকে আদালতে পাঠানো হয়। আদালতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান, রতন মারা গেছে।
পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাহান নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার সময় রতন র্যাবের হাতে গ্রেপ্তার হন। রাতেই তাকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়। অসুস্থ ছিলেন বলে থানায় দেওয়ার আগে রতনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া তার মৃত্যুর কারণ জানা যাবে না বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন।
ব্যবসায়ী শাহজাহানের করা মামলার বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রতনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর হলেও থাকতেন সাভারে। তিনি মিরপুর এলাকার সন্ত্রাসী শাহাদতের সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/জেকে/২৩২৫ ঘ.
bdnews24