২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন মন্ত্রণালয়ে কেবল বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়োগের দাবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে কেবল বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। শুক্রবার এক জরুরি বর্ধিত সভায় অ্যাসোসিয়েশনের নেতারা এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে কেবল বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। শুক্রবার এক জরুরি বর্ধিত সভায় অ্যাসোসিয়েশনের নেতারা এ দাবি জানান। ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের বিভিন্ন পর্যায়ের বিচারক প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম ইশতিয়াক হুসাইন এবং মহাসচিব ফারুক আহম্মদের স্বাক্ষরে ৮টি দাবির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দাবিগুলো হচ্ছে: ২০০১ সালের নিয়োগ নীতিমালা বাতিলের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার, আইন মন্ত্রণালয়ের সংরক্ষিত পদে ৭ দিনের মধ্যে বিচার বিভাগ থেকে কর্মকর্তা নিয়োগ, মাসদার হোসেন মামলার রায়ের নির্দেশনা অনুযায়ী নিয়োগ বিধিমালা অনুসরণ, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে মহানগর দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, সব জেলায় নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল গঠন, আয়কর আপিল ট্রাইবুনালে বিচার সদস্য পদে জেলা জজদের নিয়োগের বিধান পুনঃপ্রবর্তন, ৭ দিনের মধ্যে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, রিটের নিস্পত্তি হওয়া না পর্যন্ত আইন মন্ত্রণালয়ের কাঠামোগত পরিবর্তন না করা এবং ইতোমধ্যে হয়ে থাকলে তা বাতিল করা। অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি (বর্তমানে রাজশাহীর শ্রম আদালতের চেয়ারম্যান) মো. রফিকুল ইসলাম সভায় বলেন, "আমরা মুখ খুলতে ভয় পাই, মুখ খুললে শাস্তি দেওয়া হয়। এ কারণে আমি নিজে বাদী হয়ে হাইকোর্টে এ সব দাবির ব্যাপারে দুটি রিট মামলা করেছি। আপিল বিভাগে ১১১/০৮ ও ১১২/০৮ নম্বরধারী এ দুটি রিটের শুনানির জন্য আগামী ১৮ নভেম্বরে দিন ধার্য রয়েছে।" তিনি বলেন, "আমাদের আন্দোলনের কারণেই সরকার আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া কর্মকর্তাদের প্রত্যাহার করেছে।" এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে অ্যাসোসিয়েশন বৃহত্তর আন্দোলনে যাবে বলেও সভায় ঘোষণা দেওয়া হয়। সরকার চলতি সপ্তাহের শুরুতে প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব হেদায়েতুল্লা আল মামুন ও যুগ্ম সচিব হুমায়ুন কবীর খানকে আইন মন্ত্রণালয়ে নিয়োগের আদেশ দেয়। এর প্রতিবাদে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইনজীবীরা মঙ্গল ও বুধবার বিক্ষোভ করে। এরপর বৃহস্পতিবার সরকার ওই নিয়োগের আদেশ প্রত্যাহার করে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/২২১০ঘ.