২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় প্রথম জাতীয় টেলিসেন্টার সম্মেলন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে শুক্রবার সকালে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম জাতীয় টেলিসেন্টার সম্মেলন। সম্মেলন উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস এম ওয়াহেদুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

বগুড়া, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শেরপুর উপজেলায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে শুক্রবার সকালে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম জাতীয় টেলিসেন্টার সম্মেলন। সম্মেলন উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস এম ওয়াহেদুজ্জামান। বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের (বিটিএন) চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম। তথ্য প্রযুক্তিকে আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করে আব্দুল মুয়ীদ চৌধুরী সম্মেলনে বলেন, "গ্রাম এলাকায় বসবাসকারী দেশের ৭০ ভাগ মানুষকে তথ্য প্রযুক্তির মহাসড়কে সংযুক্ত করতে হবে। কিন্তু কম্পিউটারের ব্যবহার অপরিহর্য হলেও মাথাপিছু আয় সীমিত বলে গ্রামীণ মানুষের সবার পক্ষে তা কেনা সম্ভব নয়।" তিনি বলেন, "বিশাল এ জনগোষ্ঠীর কাছে তথ্য প্রযুক্তি পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যমই হল ইন্টারনেট ভিত্তিক টেলিসেন্টার।" সারাদেশে বর্তমানে দু'হাজার টেলিসেন্টার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন, "আগামী ২০১১ সালের মধ্যে সারাদেশে ৪০ হাজার টেলিসেন্টার গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।" সম্মেলনে আরও বক্তব্য রাখেন- পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মান্নান, বগুড়ার জেলা প্রশাসক হুমায়ুন কবির, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোর্শেদ ও প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের বাংলাদেশ প্রতিনিধি জিয়া মানজুর। এছাড়া সম্মেলনে উপস্থিত হতে না পেরে টেলিফোনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিটিএনের উপদেষ্টা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৮ ঘ.