কুড়িগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছোট কড়াইবাড়ি গ্রামে ফজর উদ্দিন (৬৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দু'জন।
ঘটনার পর গ্রামবাসীরা মিনার উদ্দিন (৫০), তার স্ত্রী অমেলা খাতুন (৪০) ও ছেলে রফিকুল (১৮) এবং রমেজ উদ্দিনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গুরুতর আহত সওদাগর (৪৫) ও আফেজ উদ্দিনকে (৩৪) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, সকাল ৭টার দিকে জমির সীমানা নিয়ে ফজর উদ্দিন ও তার ভাই মিনার উদ্দিনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ফজর মারা যান।
এ ব্যাপারে নিহতের ছেলে আইজ উদ্দিন আটক চারজনকে আসামি করে রৌমারী থানায় একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১২ ঘ.
bdnews24