২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার মেয়র বাগেরহাটে আওয়ামী লীগের মনোনয়ন চান

বাগেরহাট-৩ (মংলা-রামপাল) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী হতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

বাগেরহাট, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট-৩ (মংলা-রামপাল) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী হতে চান। রামপাল ও মংলা উপজেলা আওয়ামী লীগের সুপারিশসহ শুক্রবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের পার্লামেন্টারি বোর্ডে। তবে এ আসনে তালুকদার আব্দুল খালেকের স্ত্রী সৈয়দা হাবিবুন্নাহারসহ আরও তিনজন মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তালুকদার আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে স্বপদে (মেয়র) থেকে সংসদ নির্বাচন করতে কোনো বাধা নেই। তিনি বলেন, "দলের স্বার্থে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছি। তবে কোন কারণে দল আমাকে মনোনয়ন না দিলেও প্রার্থী বাছাইয়ে যাতে সমস্যা না হয় সেজন্য আরও তিনজনের নামে মনোনয়নপত্র আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডে জমা দেওয়া হয়েছে।" এদের মধ্যে সৈয়দা হাবিবুন্নাহার ছাড়া বাকি দুই মনোনয়নপ্রত্যাশী হলেন- মংলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ইজারাদার এবং খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবু হানিফ। বাগেরহাট-১ (মোল্লাহাট-চিতলমারী-ফরিকহাট) আসনে দলীয় নেতা-কর্মীরা সভানেত্রী শেখ হাসিনার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৯৯৬ সালে এ আসন থেকে তিনি নির্বাচন করে জয়ী হয়েছিলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু জানান, শনিবার উপজেলা পর্যায়ে তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির কাছে আগ্রহী প্রার্থীদের নাম পাঠানো হবে। এ জন্য প্রতিটি উপজেলায় শনিবার সকালে দলের হবে। শুক্রবার বিকালে পর্যন্ত আরও যারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন: বাগেরহাট-১: শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সাংসদ শেখ হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলী আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল ওয়াদুদ খোকন, সোশাল ইনভেস্টমেন্ট ব্যাংকের পরিচালক কবীর খান, ডা. বনি আমিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আক্কাস আলী, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর ও আলমগীর ফকির । বাগেরহাট-২: জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি আব্দুর রহিম খান, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সাবেক এমপি মীর সাখাওয়াত আলী দারু, তার স্ত্রী ফরিদা আক্তার বানু লুসি, ছোট ভাই অ্যাড. মীর শওকাত আলী বাদশা, শ্যালক মীর আল আমিন চেঙ্গীস এবং মামাতো ভাই অ্যাড. আসাফুর রহমান ভুলু, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. আলী আহমেদ খোকন, সাখোয়াত হোসেন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মিঠু। বাগেরহাট-৪: জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ ডা. মোজাম্মেল হোসেন এবং অন্যতম সহ-সভাপতি আব্দুর রহিম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২২ ঘ.