২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত দফা মানলে নির্বাচনে যাবে বিএনপি: খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার বলেছেন, সরকার চার দলীয় জোটের সাত দফা দাবি মেনে নিলেই তার দল নির্বাচনে যাবে। বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে 'বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত জনসভায় সাবেক প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার বলেছেন, সরকার চার দলীয় জোটের সাত দফা দাবি মেনে নিলে তার দল নির্বাচনে যাবে। বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে 'বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত জনসভায় খালেদা জিয়া বলেন, "নির্বাচনে আমরা যেতে চাই। কিন্তু নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। তারা বলেন (সরকার), আমাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু তা বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যায় না।" সাত দফা মানলে বিএনপি নির্বাচনে যাবে বলে সমাবেশে ঘোষণা দেন তিনি। গত কয়েকদিন ধরেই বিএনপির শীর্ষ পর্যায় থেকে নির্বাচনে যাওয়ার শর্ত হিসেবে একাধিকবার সাত দফার কথা বলা হয়েছে। সাত দফার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচনের তারিখ পেছানো, সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ বাতিল, নির্বাচনে 'সবার জন্য সমান সুযোগ' তৈরি, মামলা প্রত্যাহার করে সব রাজনৈতিক নেতার মুক্তি ইত্যাদি। জুম্মার নামাজের পর থেকেই চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীরা গাড়ি বহর নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন। বিকেল ৩টা নাগাদ লালদীঘি মাঠ ছাড়িয়ে কোতোয়ালী থানা মোড়, সিনেমা প্যালেস, কে সি দে রোডের বিস্তীর্ণ এলাকা জুড়ে লাখো মানুষ জমায়েত হয়। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা থেকেও দলীয় নেতা কর্মীরা সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে আসেন। খালেদা জিয়া ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে বিভিন্ন স্থানে সারিবদ্ধ মানুষ ধানের শীষ হাতে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। খালেদা জিয়া বক্তৃতা শুরু করেন বিকেল পৌণে পাঁচটায়। গত দুই বছরে তার ও তার পরিবারসহ বিএনপির নেতা কর্মীদের ওপর 'নিপীড়ন-নির্যাতনের' চিত্র তুলে ধরে তিনি বলেন, "আমার ও আমার দুই ছেলেক কিভাবে নির্যাতন করা হয়েছে তার সবকিছুই আপনারা জানেন। এখন তারা বিদেশে একা একা রয়েছে। বিএনপিকে তছনছ করে দিতে এ সরকার সবকিছুই করেছে।" নির্বাচনের জন্য এখনো 'লেভেল প্লেইং ফিল্ড' প্রস্তুত হয়নি- এ অভিযোগ তুলে তিনি প্রশ্ন রাখেন, "বিএনপি'র ৪০ জন নেতা এখনো কারাবন্দি। এতে কি সমান ক্ষেত্র তৈরি হলো?" নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন খালেদা জিয়া। তিনি বলেন, "আগের নির্বাচন কমিশনকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। এখন কেউ কেউ বলছে, কোনো দল না গেলেও ১৮ ডিসেম্বর নির্বাচন হতেই হবে। তাহলে ২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচন কেন হলো না?" এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি। খালেদা বলেন, "আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু ইলেকশনের নামে সিলেকশন মানতে রাজি নই। জরুরি অবস্থা এখনও প্রত্যাহার করা হচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় লোক তৈরি রেখেছে এবং আমাদের সাথে বিরূপ আচরণ করছে।" কয়েকটি দুর্নীতি মামলার আসামী এ নেত্রী বলেন, "আমাকে এক বছর বিশেষ কারাগারে আটকে রাখা হয়েছিল। কেন রাখা হয়েছিল আমি জানি না।" দৃশ্যত প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "আমি বিদেশে পালিয়ে যাইনি।" কোনো অন্যায় করেননি দাবি করে খালেদা বলেন, "যত ষড়যন্ত্রই হোক, দেশবাসী জানে কোনটা সত্য, কোনটা মিথ্যা। আমার ওপর যে জুলুম করা হয়েছে তার বিনিময়ে দেশের উন্নতি হলে দুঃখ থাকতো না।" তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে খালেদা বলেন, "তারা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। ভয়ভীতি দেখিয়ে, মিথ্যা-মামলা দিয়ে মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে জনগণের মৌলিক অধিকারও হরণ করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, "গত দুই বছরে দেশের মানুষের যেসব অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তা আবার পুনরুদ্ধার করার জন্য আমি এখানে এসেছি।" সরকারের বিরুদ্ধে খালেদা আরো অভিযোগ করেন, "বিএনপিকে অনেকভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে,। কিন্তু তারা পারেনি।" দৃশ্যত দলের 'সংস্কারপন্থীদের' প্রতি ইঙ্গিত করে বিএনপি প্রধান বলেন, " এ দলে কিছু দালাল আর বেঈমান ছিল, তারা আজ বিচ্ছিন্ন হয়ে গেছে।" তিনি বলেন, "দেশ বাঁচাও, মানুষ বাঁচাও এটাই আমাদের এখনকার স্লোগান। গত দুই বছরে দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস বিদ্যুৎ নেই, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। পরিকল্পিতভাবে নিজ দেশের শিল্প ধ্বংস করে দেওয়া হচ্ছে। এরা কারা, সেই হিসাব নিতে হবে। গত দুই বছরে দেশকে বিশ বছর পিছিয়ে দেয়া হয়েছে। দেশ আজ অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে।" বিরোধপূর্ণ জলসীমায় 'অনুপ্রবেশ' করে মিয়ানমারের তেল-গ্যাস অনুসন্ধানের প্রসঙ্গ তুলে খালেদা জিয়া বলেন, "সরকারের ব্যর্থতার কারণে এটি সম্ভব হয়েছে। জনগণের সরকার থাকলে এটি সম্ভব হতো না।" এক পর্যায়ে খালেদা বলেন, "আমরা অতীতে ভুল করে থাকতে পারি। তবে আমাদের অনেক সাফল্যও আছে। আমরা সেই ভুল থেকে শিক্ষাগ্রহণ করে সাফল্যের হাত ধরে সামনে এগুতে চাই।" ভুল সংশোধন করে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি। আগামীতে ক্ষমতায় গেলে সাত নভেম্বরের ছুটি পুর্নবহাল করবেন বলে জানান খালেদা। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক সৈয়দ ওয়াহিদুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জনসভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, খালেদা জিয়ার সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী, উপদেষ্টা হান্নান শাহ, দলের ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরী, যুবদল সভাপতি বরকত উল্ল্যাহ বুলু, সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/কিউএইচ/জেকে/এসকে/২০৩৪ঘ.