পাবনা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা-নগরবাড়ী মহাসড়কের জালালপুরে শুক্রবার সকালে বাস চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
ভ্যানটিকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন বাসযাত্রীও মারা যান।
নিহতরা হলেন- ভ্যানচালক আব্দুর রহিম (৪০) এবং বাসযাত্রী আব্দুল জলিল (৩৫)। তাদের দুজনেরই বাড়ি সদর উপজেলার জালালপুর গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি জানায়, সকাল ১১টার দিকে পাবনা থেকে সিরাজগঞ্জগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস পেছন থেকে একটি রিকশা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রহিম নিহত হন। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসযাত্রী জলিল মারা যান। তবে কোন বাসযাত্রী গুরুতর আহত হননি।
ওসি জানান, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৩৯ ঘ.
bdnews24