২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পথে খালেদা, বিকালে জনসভা

চট্টগ্রামের পথে মিরসরাই অতিক্রম করেছেন খালেদা জিয়া। পথে পথে দলীয় নেতা-কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানায় বিএনপি চেয়ারপারসনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 07:28 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পথে মিরসরাই অতিক্রম করেছেন খালেদা জিয়া। পথে পথে দলীয় নেতা-কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানায় বিএনপি চেয়ারপারসনকে। শুক্রবার বিকালে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া। জামিনে মুক্ত হওয়ার পর এটাই ঢাকার বাইরে তার প্রথম সফর। নির্বাচনে যেতে বিএনপির সুস্পষ্ট ঘোষণা এখন পর্যন্ত না থাকার প্রেক্ষাপটে জনসভায় খালেদা কী বলবেন- তা নিয়ে রাজনৈতিক মহলে ঔৎসুক্য রয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে খালেদা জিয়া চট্টগ্রামের মিরসরাই অতিক্রম করেন বলে জানিয়েছেন তার গাড়িবহরের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ। চট্টগ্রামের সর্ব উত্তরের উপজেলা মিরসরাইয়ের বারইয়ারহাট বাজারে খালেদা জিয়ার গাড়িবহর পৌঁছলে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ হাতে নিয়ে তাকে স্বাগত জানায়। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তিনি। বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তায় চট্টগ্রাম সফরে যাওয়া খালেদা জিয়ার গাড়িবহরে তিন শতাধিক পাজেরো, প্রাইভেট কার ও মাইক্রোবাস রয়েছে। এর আগে খালেদা জিয়া কুমিল্লার পদুয়ার বাজারে হোটেল নূরজাহানে যাত্রা বিরতি দেন। ওই সময় স্থানীয় হাজার-হাজার নেতা-কর্মীর ভিড় জমায় ওই হোটেলে। বেলা ১১টায় সেখান থেকে পুনরায় রওনা হন তিনি। পথে কুমিল্লার দয়াপুর, সুয়াগঞ্জ বাজার, মিয়াবাজার, চৌদ্দগ্রাম, চিওরাবাজার, গুণবতীবাজার, ফেনীর মহিপাল, লেমুয়া সেতু ও মুহুরীগঞ্জ এলাকায় স্থানীয় নেতা-কর্মীরা রাস্তার দুধারে দাঁড়িয়ে দলীয় প্রধানকে অভিনন্দন জানায়। বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা। সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়েই চট্টগ্রামের পথে রওনা হন খালেদা জিয়া। রওনা হওয়ার পর ফার্মগেইট, নয়াপল্টন, শাপলা চত্বর, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে জড়ো হয়ে দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়। সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, মেঘনা সেতু, দাউদকান্দি, গৌরিপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, নিমসার, ময়নামতি প্রভৃতি স্থানে হাজার-হাজার নেতা-কর্মী জড়ো হয়। ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়ানো বিএনপি নেতা-কর্মীদের মুখে ছিল স্লোগান। অনেকের হাতে দলের নির্বাচনী প্রতীক ধানের শীষও দেখা যায়। খালেদা জিয়ার গাড়িবহরের কারণে মেঘনা ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ, যুগ্মমহাসচিব সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংসদ রাবেয়া চৌধুরী, সিরাজুল ইসলাম সেলিম প্রমুখ। ২০০৭ সালে ২২ জানুয়ারির নির্বাচনের (বাতিল হওয়া) প্রচারণায় অংশ নিতে ওই বছরের ১০ জানুয়ারি সর্বশেষ কুমিল্লায় সড়ক পথে এ ধরনের গণসংযোগ করেন খালেদা জিয়া। লালদীঘির জনসভা ঘিরে চট্টগ্রাম বিএনপিতে চলছে ব্যাপক প্রস্তুতি। চট্টগ্রামের বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন মহানগর বিএনপিসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। মঞ্চ তৈরিসহ সাজানো হচ্ছে লালদীঘি ময়দান। তিনি বলেন, "লালদীঘির জনসভায় আমরা লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছি। শুক্রবার চট্টগ্রাম মিছিলের নগরীতে পরিণত হবে।" বিএনপি এখনও আসন্ন সংসদ নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়নি। অন্যদিকে আওয়ামী লীগ ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/কিউএইচ/এমআই/১৩২০ ঘ.