২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকালে চট্টগ্রামে জনসভায় ভাষণ দেবেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার বিকালে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভায় ভাষণ দেবেন। জামিনে মুক্ত হওয়ার পর এটাই ঢাকার বাইরে বিএনপি চেয়ারপারসনের প্রথম সফর। নির্বাচনে যেতে বিএনপির সুস্পষ্ট ঘোষণা এখন পর্যন্ত না থাকার প্রেক্ষাপটে জনসভায় খালেদা কী বলবেন- তা নিয়ে রাজনৈতিক মহলে ঔৎসুক্য রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 05:24 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার বিকালে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভায় ভাষণ দেবেন। জামিনে মুক্ত হওয়ার পর এটাই ঢাকার বাইরে বিএনপি চেয়ারপারসনের প্রথম সফর। নির্বাচনে যেতে বিএনপির সুস্পষ্ট ঘোষণা এখন পর্যন্ত না থাকার প্রেক্ষাপটে জনসভায় খালেদা কী বলবেন- তা নিয়ে রাজনৈতিক মহলে ঔৎসুক্য রয়েছে। সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়েই চট্টগ্রামের পথে রওনা হন খালেদা জিয়া। পথে কুমিল্লায় যাত্রা বিরতি দেন তিনি। লালদীঘির জনসভা ঘিরে চট্টগ্রাম বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এসএসএফ-এর নিরাপত্তায় খালেদা জিয়া চট্টগ্রামে চলছেন। এর বাইরে বিএনপি নেতাকর্মীদের একটি বিশাল গাড়িবহর রয়েছে তার সঙ্গে। শেরেবাংলা নগর থেকে রওনা হওয়ার পর ফার্মগেইট, নয়াপল্টন, শাপলা চত্বর, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে জড়ো হয়ে দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়। চট্টগ্রামের পথে সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, মেঘনা সেতু, দাউদকান্দি, গৌরিপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, নিমসার, ময়নামতি প্রভৃতি স্থানে হাজার-হাজার নেতা-কর্মী জড়ো হয়। ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়ানো বিএনপি নেতা-কর্মীদের মুখে ছিল স্লোগান। অনেকের হাতে দলের নির্বাচনী প্রতীক ধানের শীষও দেখা যায়। খালেদা জিয়া হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। খালেদা জিয়ার গাড়িবহরের কারণে মেঘনা ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কুমিল্লার পদুয়ার বাজারে হোটেল নূরজাহানে যাত্রা বিরতি দেন বিএনপি চেয়ারপারসন। ওই সময় স্থানীয় হাজার-হাজার নেতা-কর্মী ওই হোটেলে ভিড় জমায় বলে জানিয়েছেন খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ। সকাল ১১টায় নূরজাহান হোটেল ছেড়ে চট্টগ্রামের পথে পুনরায় যাত্রা শুরু করে খালেদা জিয়ার গাড়িবহর। খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ, যুগ্মমহাসচিব সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংসদ রাবেয়া চৌধুরী, সিরাজুল ইসলাম সেলিম প্রমুখ। ২০০৭ সালে ২২ জানুয়ারির নির্বাচনের (বাতিল হওয়া) প্রচারণায় অংশ নিতে ওই বছরের ১০ জানুয়ারি সর্বশেষ কুমিল্লায় সড়ক পথে এ ধরনের গণসংযোগ করেন খালেদা জিয়া। চলতি বছরের ১১ জানুয়ারি জামিনে মুক্ত হওয়ার পর এই প্রথম ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। লালদীঘির জনসভার প্রস্তুতর বিষয়ে চট্টগ্রাম বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন মহানগর বিএনপিসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। মঞ্চ তৈরিসহ সাজানো হচ্ছে লালদীঘি ময়দান। তিনি বলেন, "লালদীঘির জনসভায় আমরা লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছি। শুক্রবার চট্টগ্রাম মিছিলের নগরীতে পরিণত হবে।" বিএনপি এখনও আসন্ন সংসদ নির্বাচনে যাওয়ার সুস্পষ্ট ঘোষণা দেয়নি। অন্যদিকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ১৩ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমআই/১১১৭ ঘ.