২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে অনুসন্ধান বন্ধ করেছে মিয়ানমার

বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের কাজ বন্ধ করেছে মিয়ানমার। ওই এলাকা থেকে অনুসন্ধানের যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার রাতে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে জানান পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের কাজ বন্ধ করেছে মিয়ানমার। ওই এলাকা থেকে অনুসন্ধানের যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার রাতে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে জানান পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। তিনি বলেন, "কোরীয় সরকারের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, দাইয়ু-মিয়ানমার কোম্পানি বঙ্গোপসাগরের বিতর্কিত স্থান থেকে তাদের যন্ত্রপাতি সরিয়ে নিতে শুরু করেছে।" পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "এ ঘটনা সত্যি হলে তা একটি সুখবর এবং বলা যাবে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে।" বাংলাদেশ সরকারের কাছে বৃহস্পতিবার পাঠানো চিঠিতে দাইয়ু জানায়, তারা স্থাপনা সরিয়ে ফেলা শুরু করেছে এবং এ কাজ শেষ হতে কয়েক দিন লাগবে। বঙ্গোপসাগরে মিয়ানমার তেল-গ্যাস অনুসন্ধান কাজ অব্যহত রাখায় বুধবার ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝেং কিংডিয়ান এবং বৃহস্পতিবার দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত সাক-বুম পার্কের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। চীনের সঙ্গে মিয়ানমারের অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। এছাড়া দাইয়ু দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি। ইফতেখার আহমদ চৌধুরী জানান, বঙ্গোপসাগরের অবস্থা পর্যালোচনার জন্য প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার সন্ধ্যায় তার কার্যালয়ে জরুরি বৈঠক করেন। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। গত সপ্তাহে মিয়ানমারের নৌবাহিনীর পাহরায় দাইয়ু কোম্পানি বঙ্গোপসাগরের বিতর্কিত স্থানে তেল-গ্যাস অনুসন্ধান শুরু করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ বলেছে, দু'দেশের সমুদ্রসীমা নির্ধারণ না হওয়া পর্যন্ত বিতর্কিত অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম মেনে নেওয়া হবে না। বিষয়টির সমাধানে পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মিয়ামমারের রাজধানী নিপিদোতে রয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার শুরুতে বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক প্রচেষ্টাকে প্রাধান্য দিলেও বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ থেকে ৬০ নটিক্যাল মাইল দক্ষিণের এলাকাটি বাংলাদেশ ও মিয়ানমার নিজেদের বলে দাবি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/২২০৫ ঘ.