ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক জোট সরকারের কর্মকর্তা মাহমুদুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর বিরুদ্ধে ট্রাস্ট ব্যাংকের অর্থ পাচারের যে অভিযোগ এনেছেন, তা 'নিষ্পত্তির জন্য' মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
তিনি বলেন, "চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা দুই কমিশনারের কাছে উপস্থাপনের পর ২০০৪ সালের দুদক আইনের ৩৬ ধারা অনুযায়ী নিষ্পত্তির জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।"
হানিফ ইকবাল গত সোমবার সাংবাদিকদের জানিয়েছিলেন,নিজের চেয়ারম্যানের বিরুদ্ধে এ অভিযোগ তদন্ত করার এখতিয়ার কমিশন রাখে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্নীতিদমন কমিশন আইনের ৩৬ ধারায় বলা হয়েছে, 'কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে অস্পষ্টতার কারণে এ আইন কার্যকর করার ক্ষেত্রে কোনও অসুবিধা দেখা দিলে সরকার অন্যান্য বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ওই বিধান স্পষ্ট করতে বা ব্যাখ্যামূলক দিক নির্দেশনা দিতে পারবে।'
সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান গত ২৭ অক্টোবর হাসান মশহুদের বিরুদ্ধে আনা অভিযোগটি লিখিত আকারে ডাকযাগে কমিশন কার্যালয়ে পাঠান। তার আগে ২৫ অক্টোবর এ বিষয়ে তিনি মামলা করতে চাইলেও 'আইনি জটিলতার' কথা বলে রাজধানীর দু'টি থানা তা নেয়নি।
মাহমুদুর রহমানের অভিযোগ, ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় হাসান মশহুদ চৌধুরী বৈদেশিক মুদ্রা লেনদেন খাতে লোকসান দেখিয়ে ব্যাংকের প্রায় ২২ কোটি ৪১ লাখ টাকা বিদেশে পাচার করেছেন।
হাসান মশহুদ চৌধুরী পরদিন এ বিষয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন। মিথ্যা অভিযোগের জন্য মাহমুদুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অবশ্য ট্রাস্ট ব্যাংকে 'আর্থিক ক্ষতির' ঘটনার কথা হাসান মশহুদ সংবাদ সম্মেলনে স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এসকে/১৯১১ঘ.
bdnews24