ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের ১৩টি সেতুর নড়বড়ে অবস্থা এবং উজানিসার সেতুর মুখে একটি চিনি বোঝাই ট্রাক বিকল হওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিকেল ৪টা পর্যন্ত উজানিসার সেতুর দুপাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট ছিল। এর পর যান চলাচল স্বাভাবিক হয়ে এলেও বিভিন্ন স্থানে এখনও যানজট অবস্থা রয়ে গেছে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।
তীব্র যানজটের কবলে পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পরিদর্শক মো. হাজ্জাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে উজানিসার ব্রিজে উঠার সময় চট্রগ্রামগামী একটি চিনি বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে সেতুর দুপাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।"
তিনি জানান, বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হলেও আবার কোথায় যানজট সৃষ্টি হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া অংশের ১৩টি সেতুর প্রায়গুলোতে বিকল্প সেতু থাকার কারণে যানবাহন পালাক্রমে চলতে হচ্ছে বলে যানজটের সৃষ্টি হচ্ছে।
এ ছ্ড়াা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশের মেঘনা সেতুর মাসব্যাপী সংস্কার কাজ শুরু হওয়ায় বুধবার থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলগামী সব যানবাহন ব্রাহ্মণবাড়িয়া হয়ে চলাচল করছে। ফলে এ সড়কে যানবাহনের চাপ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
বর্তমানে ২৪ ঘণ্টাই এই রুটে হালকা থেকে ভারি সব ধরনের যানবাহন চলাচল করছে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঝুঁকিপূর্ণ সেতুগুলো যে কোন মূহুর্তে ধসে পড়ে এ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলেও ট্রাফিক পরিদর্শক হাজ্জাজ আশঙ্কা প্রকাশ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া বাস মালিক সমিতির নেতা মলাই মিয়া জানান, যানজটের কারণে এবং বিপদের আশঙ্কায় তারা বৃহস্পতিবার থেকে স্থানীয় রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন।
গত সপ্তাহে উজানিসার সেতু মেরামতের জন্য কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় ১৬ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৪০ ঘ.
bdnews24