২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটির রাজ বনবিহারে কঠিন চীবর দান শুরু

রাঙ্গামাটির রাজবনবিহারে বৃহস্পবিার থেকে শুরু হচ্ছে দু'দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব। ধর্মীয় এ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিন পার্বত্য জেলা থেকে ধর্মপ্রাণ লোকজন ছাড়াও দেশ-বিদেশের হাজার হাজার ধর্মপ্রাণ বৌদ্ধ এখানে সমবেত হতে শুরু করেছেন। রাঙ্গামাটি শহর পরিণত হয়েছে উৎসবের নগরীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

রাঙ্গামাটি, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙ্গামাটির রাজবনবিহারে বৃহস্পবিার থেকে শুরু হচ্ছে দু'দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব। ধর্মীয় এ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিন পার্বত্য জেলা থেকে ধর্মপ্রাণ লোকজন ছাড়াও দেশ-বিদেশের হাজার হাজার ধর্মপ্রাণ বৌদ্ধ এখানে সমবেত হতে শুরু করেছেন। রাঙ্গামাটি শহর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। রাজবনবিহারের ৩৫তম এ উৎসবের দু'দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- প্রথমদিন বৃহস্পতিবার বিকেলে বিহারের পাশে বেইন ঘর অনুষ্ঠান এবং চরকা-চরকী উদ্বোধন। শেষদিন শুক্রবার রয়েছে- সকালে বুদ্ধ পূজা এবং দুপুরে কঠিন চীবর (রংবস্ত্র) উৎসর্গ ও সমবেত ভিক্ষু-সংঘের মধ্যে চীবর দান। বিকেলে সমবেত পূণ্যার্থীদের উদ্দেশে 'ধর্মদেশনা' প্রদান করবেন রাজ বনবিহারের অধ্যক্ষ ও ধর্মীয় গুরু অরহৎ শ্রীমৎ সাধনানন্দ মহাথেরো (বনভন্তে)। বৃহস্পতিবার বেইন ঘর অনুষ্ঠান উদ্বোধন করবেন বনভন্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির। চরকা-চরকী উদ্বোধন করবেন প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং চরকা-চরকীর উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটবেন পরিবেশ ও বন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়। এবারের বেইন ঘরের ১১২টি কোমর তাঁতে ছয়শ ৭২ জন এবং চরকা-চরকীতে ১৫০ জন আদিবাসী ধর্মপ্রাণ নারী নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে চরকায় তুলা থেকে সূতা বের করে কাপড় বুনে রং করার পর সেলাই করে চীবর (কাপড়) প্রস্তুত করবেন। প্রস্তুতকৃত এ কঠিন চীবর (রংবস্ত্র) শুক্রবার মূল ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভিক্ষু-সংঘের মধ্যে দান করা হবে। অনুষ্ঠানে দ্বিতীয় দিন শুক্রবার কঠিন চীবর দানের মূল অনুষ্ঠানে সকালে রয়েছে বুদ্ধ পূজা। আগেরদিন প্রস্তুত কঠিন চীবর উৎসর্গ ও সমবেত ভিক্ষু-সংঘকে চীবর দান হবে দুপুর ২টার দিকে। বেলা সাড়ে ৩টায় হবে ধর্ম দেশনা। অনুষ্ঠানকে ঘিরে বন বিহারের পাশের এলাকায় নানা বাহারী সামগ্রী, ধর্মীয় বই ও সিডি এবং হস্তশিল্প নিয়ে বসেছে মেলা। রয়েছে বিভিন্ন ধরনের খাবারদাবারও। প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাপূণ্যবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত এ দানোৎসবে সুতা কাটা শুরু থেকে ২৪ ঘণ্টার মধ্যে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে ওই কাপড় বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে। এজন্য একে কঠিন চীবর (রংবস্ত্র) দান। এভাবে দান করলে কায়িক, বাচনিক ও মানসিক পরিশ্রম 'অধিকতর ফলদায়ক' হয় বলে বৌদ্ধ শাস্ত্রে উল্লেখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২৩৩ঘ.