ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের বহিস্কৃত নেতা ও সাবেক সাংসদ জয়নাল হাজারীর বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে না আসায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার বিশেষ আদালত-২ এর বিচারক এ কে রায় ফেনী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসানের (বর্তমানে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক) নামে এই পরোয়ানা জারির আদেশ দেন।
বুধবার ছিল এ দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের ধার্য দিন। মামলার ১৭ নম্বর সাক্ষী কামরুল হাসানকে আদালতে এসে সাক্ষ্য দেওয়ার জন্য দুই বার সমন পাঠানো হলেও তিনি আসেননি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, "কামরুল হাসানের কারণে এ মামলার বাদীর সাক্ষ্য নেওয়া সম্ভব হচ্ছে না। তার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি আদালতে আসেননি। এ অবস্থায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আদালতে আবেদন জানিয়েছি। আদালত তা গ্রহণ করেছেন।"
আদালত কামরুল হাসানকে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন ১১ নভেম্বর জমা দিতে বলেছে।
গত বছর ২ অক্টোবর দুর্নীতি দমন কমিশন হাজারী ও তার বোন খোদেজা হাজারীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, হাজারী অবৈধভাবে এক কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকার সম্পত্তি অর্জন করেছেন। খোদেজার বিরুদ্ধে ভাইকে এ সম্পত্তি অর্জনে সহযোগিতার অভিযোগ আনা হয়।
গত ২২ অক্টোবর এ মামলায় হাজারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। উচ্চ আদালতের নির্দেশে খোদেজার বিরুদ্ধে অভিযোগের বিচার কাজ স্থগিত রয়েছে।
এর আগে সম্পত্তির হিসাব না দেওয়ার মামলায় জয়নাল হাজারীকে তিন বছরের কারাদণ্ড দেয় ফেনীর একটি আদালত।
২০০১ সালের ১৭ আগস্ট থেকে জয়নাল হাজারী পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২০৪৩ঘ.
bdnews24